Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ভেন্ডির ডাঁটা ফেলে দিচ্ছেন? বানিয়ে ফেলুন মুচমুচে মশলাদার ভর্তা! রইল  রেসিপি

ভেন্ডির ডাঁটা ফেলে দিচ্ছেন? বানিয়ে ফেলুন মুচমুচে মশলাদার ভর্তা! রইল রেসিপি

নিজস্ব প্রতিনিধিঃ ভেন্ডি রান্নার সময়ে ডাঁটা কেটে সাধারণত ফেলে দেওয়া হয়। কিন্তু রান্নাঘরের এই ফেলে দেওয়া অংশ দিয়েই তৈরি হতে পারে সুস্বাদু এক পদ। ডাল, রসুন, শুকনো লঙ্কা ও নারকেলের সঙ্গে ভেন্ডির ডাঁটা মিশিয়ে তৈরি করা যায় ঝাল-মশলাদার ভর্তা। ভেন্ডির চেনা স্বাদের থেকে এই পদ একেবারেই আলাদা।

কম খরচে, সহজ উপকরণে তৈরি হওয়ায় বাড়ির রান্নায় নতুনত্ব আনতেও এই পদ হতে পারে ভাল বিকল্প।

উপকরণ

ভেন্ডির ডাঁটা ১ থেকে দেড় কাপ, ছোলার ডাল ৩ টেবিল চামচ, ধোয়া মুগ ডাল ২ টেবিল চামচ, শুকনো লঙ্কা ৫-৬টি, রসুনের কোয়া ৫-৬টি, সর্ষের তেল ৪ চা চামচ, সর্ষে আধ চা চামচ, মাঝারি আকারের পেঁয়াজ ১টি, হিং ২-৩ চিমটি, শুকনো নারকেল ১ টেবিল চামচ, নুন স্বাদমতো, চিনি এক-চতুর্থাংশ চা চামচ, লঙ্কাগুঁড়ো আধ চা চামচ, গরমমশলা ১ চা চামচ এবং পাতিলেবুর রস ১ টেবিল চামচ।

কী ভাবে বানাবেন?

প্রথমে ভেন্ডির ডাঁটাগুলি ভাল করে ধুয়ে পরিষ্কার করে নিন। কড়াইয়ে ২ চা চামচ সর্ষের তেল গরম করে ছোলার ডাল, মুগ ডাল, শুকনো লঙ্কা, রসুন ও সামান্য হিং দিয়ে মাঝারি আঁচে ভাজুন। ডালের রং হালকা সোনালি হলেই ডাঁটাগুলি দিয়ে আরও কিছুক্ষণ ভাজতে হবে। বেশি ভাজবেন না, তা হলে স্বাদ তেতো হয়ে যেতে পারে। এ বার আঁচ বন্ধ করে মিশ্রণটি কিছুটা ঠান্ডা হতে দিন। ঠান্ডা হলে সবকিছু মিক্সিতে দিয়ে নুন, চিনি ও শুকনো নারকেল মিশিয়ে জল ছাড়াই মোটা করে বেটে নিন। একেবারে মিহি করবেন না, এই পদের স্বাদ বাড়ে দানাদার মিশ্রণেই। এর পর কড়াইয়ে বাকি তেল গরম করে সর্ষে ফোড়ন দিন। সর্ষে ফুটতে শুরু করলে কুচোনো পেঁয়াজ দিয়ে হালকা সোনালি করে ভাজুন। এ বার বেটে রাখা মিশ্রণটি দিয়ে মাঝারি আঁচে নাড়তে থাকুন। প্রয়োজনমতো লঙ্কাগুঁড়ো দিয়ে আরও কয়েক মিনিট রান্না করুন। মিশ্রণের আঠালো ভাব কমে এলে আঁচ বন্ধ করে গরম মশলা ও পাতিলেবুর রস মিশিয়ে দিন।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ei Muhurte