আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলায় শক্তিশালী দুটি ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৮১১ জন। এখনও জারি রয়েছে উদ্ধার অভিযান। তবে ধ্বংসস্তুপের নীচে আরও কারও বেঁচে থাকার আশা নেই বলেই জানানো হয়েছে। আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন।
দুর্যোগের কয়েক সপ্তাহ পরও হাজার হাজার মানুষ এখনও ঘরছাড়া।
বুধবার (৮ জুলাই) ভেনেজুয়েলার জাতীয় পরিষদের সভাপতি হোর্হে রদ্রিগেজ সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে এই তথ্য জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত সরকারি তথ্য অনুযায়ী, ভূমিকম্পের পর এখন পর্যন্ত ৮৬ হাজার ৭৯৪টি পরিবারকে বিভিন্ন ধরনের সহায়তা দেওয়া হয়েছে। হোর্হে রদ্রিগেজ জানান, উদ্ধারকারী দল এখন পর্যন্ত ৬ হাজার ৪৬২ জনকে জীবিত উদ্ধার করেছে।
আরও পড়ুন: হাসপাতালে বন্ধ হবে 'দালালরাজ', স্বাস্থ্য ভবন থেকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
হোর্হে রদ্রিগেজ জানিয়েছেন, ভূমিকম্পে ৮৫৬টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। যার মধ্যে ১৯০টি বাড়ি পুরোপুরি ধসে পড়েছে। ক্ষতিগ্রস্ত মানুষদের সমস্ত রকম সাহায্য করা হচ্ছে। এখন পর্যন্ত ৯ হাজার ৬০৩ মেট্রিক টন খাদ্য বিতরণ করা হয়েছে। পাশাপাশি ৯৬ লাখ লিটারের বেশি বিশুদ্ধ জল সরবরাহ করা হয়েছে। চিকিৎসাসেবা পেয়েছেন ২৭ হাজার ৩৯৮ জন। ঘরবাড়ি হারানো মানুষের জন্য দেশজুড়ে ৮৭টি অস্থায়ী আশ্রয়শিবির খোলা হয়েছে। প্রথম ভূমিকম্পের পর থেকে এখন পর্যন্ত ১ হাজার ১০২টি আফটারশক রেকর্ড করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তাই ক্ষতিগ্রস্ত এলাকায় মানুষের মধ্যে এখনো আতঙ্ক রয়ে গিয়েছে। উল্লেখ্য, গত ২৪ জুন দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে দেশটির বিভিন্ন এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটে।

