নিজস্ব প্রতিনিধি: রবিবারের বাজার মানেই ভালো খাওয়া দাওয়া। দুপুরের পদে মাছ-মাংসের কোনও না কোনও পদ তো থাকবেই। তবে এই রবিবার (৩ মে ) একটি বিশেষ। কারণ আগামীকাল সোমবার প্রকাশিত হতে চলেছে বঙ্গে বিধানসভা নির্বাচনের ফলাফল। এই নিয়ে সব বাড়িতেই দুপুরে, রাতে খাওয়ার টেবিলে উঠবে ঝড়। পরিবর্তন নাকি প্রত্যাবর্তন এই চর্চার সঙ্গেই রাতের মেনুতে যদি থাকে রেস্তোরাঁ স্টাইলের 'ঢেঁড়সের দো পেঁয়াজা' তাহলে ব্যপারটা জমে যাবে।
এর স্বাদ এতটাই অসাধারণ যে ছোট থেকে বড় সবাই বার বার হাওয়ার আবদার করবে। কীভাবে বানাবেন এই পদ জেনে নিন।
উপকরণ
১/২ কেজি- ঢেঁড়স
২টি পেঁয়াজ
১ চা চামচ আদা-রসুন পেস্ট
২ টেবিল চামচ দই
১টি কাঁচা মরিচ
২ টেবিল চামচ ধনে পাতা
১/৪ চা চামচ হলুদ
১ চা চামচ শুকনো আমের গুঁড়ো
১/২ চা চামচ লাল মরিচের গুঁড়া
১/৪ চা চামচ গরম মসলা
১ ইঞ্চি দারুচিনির টুকরো
২টি এলাচ
৩-৪ টেবিল চামচ তেল
লবণ
পদ্ধতি
প্রথমে, ঢেঁড়সগুলো ভালোভাবে ধুয়ে একটি শুকনো কাপড় দিয়ে মুছে নিন যাতে জল না থাকে। তারপর, ঢেঁড়সগুলো লম্বালম্বিভাবে মাঝখান দিয়ে কেটে একপাশে সরিয়ে রাখুন। এবার একটি প্যানে তেল গরম করে মাঝারি আঁচে ঢেঁড়সগুলো হালকা করে ভেজে নিন। ঢেঁড়সগুলোর রঙ সামান্য বদলে গেলে আঁচ বন্ধ করে একটি বাটিতে তুলে নিন। ওই একই প্যানে আবার সামান্য তেল গরম করুন। জিরা, এলাচ এবং দারুচিনি দিয়ে ভাজুন। সুগন্ধ বের হলে কুচানো পেঁয়াজ দিয়ে ২-৩ মিনিট রান্না করুন, যতক্ষণ না পেঁয়াজ হালকা বাদামি হয়ে আসে। তারপর হলুদ, লাল লঙ্কা গুঁড়ো, আমচুর গুঁড়ো এবং লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে মশলাগুলো কিছুক্ষণ ভাজুন। তারপর দই দিয়ে নেড়ে দিন এবং দই থেকে তেল আলাদা হতে শুরু করা পর্যন্ত নাড়াচাড়া করুন। তারপর ভাজা ঢেঁড়স যোগ করে ভালোভাবে মেশান। পাত্রটি ঢেকে কম আঁচে ৫-৭ মিনিট রান্না করুন এবং মাঝে মাঝে নাড়ুন। সবশেষে গরম মসলা যোগ করুন এবং কিছুক্ষণ পর আঁচ বন্ধ করে দিন। তাহলেই তৈরি ‘ঢেঁড়সের দো পেঁয়াজা’। গরম ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করুন

