Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
বিলবোর্ড কাণ্ডে শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দিলেন অভিষেক

বিলবোর্ড কাণ্ডে শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দিলেন অভিষেক

নিজস্ব প্রতিনিধি: ক্যামাক স্ট্রিট কাণ্ডে হাজিরা দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ, মঙ্গলবার দুপুর ১২টার পর অফিস টাইমের মধ্যে তৃণমূল নেতাকে হাজিরার নির্দেশ দিয়েছিল শেক্সপিয়ার সরণি থানার পুলিশ। সেই নির্দেশ মেনেই হাজিরা দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। গত বৃহস্পতিবার বিকেলে ৯ নং ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে অবৈধ বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে অশান্তির সূত্রপাত।

অভিযোগ, অভিষেকের অফিসের ছাদে তৃণমূল কংগ্রেসের একটি বিলবোর্ড ছিল যেটি অবৈধ। সেটি খুলতে গিয়েই বাধার মুখে পড়েন বলে দাবি পুলিশ ও কলকাতা পুরসভার কর্মীদের। সেই ইস্যুতে অভিষেক, ডেরেক ওব্রায়েন, হুমায়ুন কবীর, বৈশ্বানর চট্টোপাধ্যায় সহ একাধিক নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করে শেক্সপিয়ার সরণি থানার পুলিশ। বিলবোর্ড ইস্যুতেই এদিন তৃণমূল সাংসদকে তলব করা হয়েছিল। তাতে সাড়া দিয়েই হাজিরা দিলেন অভিষেক।

আরও পডুন: 'আমাকে পারতেই হবে', নেপালে নিখোঁজ বাবা-মা'য়ের ইচ্ছাপূরণে নিট পিজি পরীক্ষায় বসল তরুণী

এদিন দুপুর ১২টার কিছু পর, ১২টা ১৭ মিনিট নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের গাড়িতে করে শেক্সপিয়র সরণি থানায় পৌঁছন। তাঁকে রীতিমতো ঘিরে ধরেন দলের কর্মী-সমর্থকরা। বৃষ্টিতে ভিজেই তাঁরা স্লোগান তোলেন, 'তোমার নেতা আমার নেতা সবার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ'। এছাড়া 'জয় বাংলা' ধ্বনিও তোলা হয়। তাঁরা জানান, যতক্ষণ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে থানায় জিজ্ঞাসাবাদ করা হবে, ততক্ষণ বাইরে তাঁরা অপেক্ষা করবেন।

সূত্রের খবর, তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন তদন্তকারী আধিকারিকরা। বিলবোর্ড কাণ্ডে ইতিমধ্যেই হাজিরা এড়িয়েছেন কালীঘাটপন্থী তৃণমূল সাংসদ ডেরেক ও ‘ব্রায়েন। হাজিরার নোটিস গিয়েছে, তৃণমূল নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায়, প্রাক্তন বিধায়ক হুমায়ুন কবীরকে। তাঁরা হাজিরা দেন কিনা সেটাই দেখার।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ei Muhurte