Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
বিস্কুট 'চুরি'! হনুমানকে গুলি করে খুন, চাঞ্চল্য বাঁকুড়ায়

বিস্কুট 'চুরি'! হনুমানকে গুলি করে খুন, চাঞ্চল্য বাঁকুড়ায়

নিজস্ব প্রতিনিধিঃ বাড়িতে ঢুকে এদিক-ওদিক লাফালাফি করছিল হনুমানটি। আচমকাই নজর পড়ে বিস্কুটের কৌটোর দিকে। কৌটোটি হাতে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করতেই ঘটে গেল বিপত্তি। অভিযোগ, এয়ারগান হাতে হনুমানটিকে লক্ষ্য করে গুলি চালান বাড়ির বাসিন্দা অভিষেক ঘোষ। বুকে গুলি লেগে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে হনুমানটি।

ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বাঁকুড়ার জয়পুর থানার রাজগ্রামে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কিছু দিন ধরেই এলাকায় হনুমানের উৎপাত নিয়ে ক্ষোভ ছিল বাসিন্দাদের একাংশের মধ্যে। শুক্রবারও একটি হনুমানকে গাছ থেকে গাছে লাফিয়ে বেড়াতে দেখা যায়। পরে আচমকাই সেটি একটি বাড়িতে ঢুকে পড়ে। ঘরের ভিতর থেকে বিস্কুটের কৌটো নিয়ে বেরোনোর সময়ই তাকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। গুলির শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় জয়পুর থানায় এবং বন দফতরে। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছন বনকর্মীরা। তাঁরা মৃত হনুমানটিকে উদ্ধার করে জয়পুর রেঞ্জ অফিসে নিয়ে যান। বন দফতর সূত্রে খবর, সেখানে হনুমানটির ময়নাতদন্ত করা হয়েছে।

ঘটনায় বন দফতরের তরফে জয়পুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে অভিষেক ঘোষকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। শনিবার তাঁকে বিষ্ণুপুর মহকুমা আদালতে হাজির করানোর কথা। রাজগ্রামের এই ঘটনায় স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, হনুমানের উৎপাত সামলাতে গুলি চালানোর প্রয়োজন হল কেন? বিস্কুটের কৌটো নিয়ে বেরিয়ে যাওয়াই কি তার ‘অপরাধ’? ঠিক কী ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ ও বন দফতর।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ei Muhurte