Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
চক্রান্ত করে ইরানকে বিশ্বকাপ থেকে বাদ? ফিফা সভাপতির বিরুদ্ধে ১০০ কোটি ডলারের মামলা দায়ের

চক্রান্ত করে ইরানকে বিশ্বকাপ থেকে বাদ? ফিফা সভাপতির বিরুদ্ধে ১০০ কোটি ডলারের মামলা দায়ের

নিজস্ব প্রতিনিধি: বিশ্বকাপে বিতর্কিত এক সিদ্ধান্ত এবার পৌঁছে গেল আদালতের দোরগোড়ায়। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং সংস্থাটির অন্যান্য কর্মকর্তার বিরুদ্ধে ১০০ কোটি (১ বিলিয়ন) মার্কিন ডলারের ক্ষতিপূরণ দাবি করে মামলা দায়ের হয়েছে। আমেরিকায় বসবাসকারী ইরানি-আমেরিকান রাজনৈতিক বিশ্লেষক কাভেহ লতফোল্লাহ আফরাসিয়াবি বৃহস্পতিবার (২ জুলাই) বোস্টনের একটি ফেডারেল আদালতে এই মামলা দায়ের করেন।

আফরাসিয়াবির অভিযোগ, ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বে মিশরের বিপক্ষে ইরানের শেষ মুহূর্তের একটি গোল বিতর্কিতভাবে বাতিল করে দলটিকে ইচ্ছাকৃতভাবে শেষ ৩২ থেকে বঞ্চিত করা হয়েছে।

তাঁর দাবি, ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর)-এর সিদ্ধান্তকে ব্যবহার করে ইরানকে ইচ্ছাকৃতভাবে জয় থেকে বঞ্চিত করা হয়, যার ফলে দলটি শেষ ৩২-এ ওঠার সুযোগ হারায়। তিনি আদালতের কাছে এই মামলাকে ক্লাস-অ্যাকশন হিসেবে গ্রহণ করার আবেদনও জানিয়েছেন। তাঁর বক্তব্য, শুধু তিনি নন, কোটি কোটি ইরানি এবং ইরানি আমেরিকান সমর্থকও ওই সিদ্ধান্তের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাই তাঁদের পক্ষ থেকেও আইনি লড়াই চালানোর অনুমতি চেয়েছেন তিনি।

আরও পড়ুন: ৮৮ বছর পর বিশ্বকাপে নকআউট ম্যাচে জিতে শেষ ষোলোয় পৌঁছল সুইৎজারল্যান্ড

বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে অতিরিক্ত সময়ে শোজা খলিলজাদেহর করা একটি গোল। ম্যাচে অতিরিক্ত সময়ে শোজা খলিলজাদেহ ইরানের হয়ে যে গোলটি করেছিলেন, তা ভিএআর পর্যালোচনার পর অফসাইডের কারণে বাতিল করা হয়। ম্যাচটি ১-১ গোলে শেষ হয় এবং সেই সিদ্ধান্তের পরই ইরানের বিশ্বকাপে টিকে থাকার আশা কার্যত শেষ হয়ে যায়। মামলায় আরও অভিযোগ করা হয়েছে, পুরো বিশ্বকাপজুড়েই ফিফা ইরানের প্রতি নিরপেক্ষ আচরণ করেনি। বরং বিভিন্ন ক্ষেত্রে দলটির জন্য সমান সুযোগ ও ন্যায্য প্রতিযোগিতার পরিবেশ নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ তুলেছেন মামলাকারী। এখনও পর্যন্ত এই মামলার বিষয়ে ফিফার পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। ফলে আদালতে এই অভিযোগের প্রেক্ষিতে সংস্থাটি কী অবস্থান নেয়, সেদিকেই নজর রয়েছে ক্রীড়ামহলের।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ei Muhurte