Dailyhunt
'চিঠি লিখে নির্বাচনে জেতা যায় না', তৃণমূলকে তোপ দিলীপের

'চিঠি লিখে নির্বাচনে জেতা যায় না', তৃণমূলকে তোপ দিলীপের

নিজস্ব প্রতিনিধি: ভোটের দিন যত এগিয়ে আসছে ততই পারদ চড়ছে রাজ্য-রাজনীতিতে। এরই মধ্যে পুরনো ফর্মে ফিরে এসেছেন খড়গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। আবহাওয়া খারাপ থাকায় তিনি খড়্গপুরে নিজের বাংলোতেই একটি সাংবাদিক সম্মেলন করেন। রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন এবং সাম্প্রতিক ঘটনাবলি প্রসঙ্গে তাঁর বক্তব্যে বেশ কিছু তাৎপর্যপূর্ণ ইঙ্গিত উঠে আসে।

সর্বপ্রথম কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর গাড়িতে ধাক্কা লাগার ঘটনা প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন যে, তিনি একজন অভিজ্ঞ এবং বড় মাপের নেতা। তিনি এও উল্লেখ করেন যে, অতীতেও তাঁর গাড়িতে দুর্ঘটনার নজির রয়েছে। তিনি অভিমত প্রকাশ করেন যে, এ ধরনের ঘটনায় সতর্ক থাকা জরুরি এবং সরকারের উচিত বিষয়টি তদন্ত করে দেখা।

সেই সঙ্গে রাজ্যে নির্বাচনের আগে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বৃদ্ধি প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরেই হিংসার রাজনীতি চলে আসছে। তাঁর মতে, কেবল বাহিনী মোতায়েন করাই যথেষ্ট নয়। যে দুষ্কৃতীরা সন্ত্রাস সৃষ্টি করে এবং সাধারণ মানুষকে ভয় দেখায় তাদের আগে গ্রেপ্তার করতে হবে। স্পর্শকাতর এলাকাগুলিতে কড়া পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। তবেই একটি শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব হতে পারে।

হলদিয়ায় বিজেপি কর্মীদের হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন যে, রাজ্যের উত্তপ্ত রাজনৈতিক পরিবেশের কারণেই এ ধরনের ঘটনাগুলি ঘটছে। এ বিষয়ে তিনি পুলিশ ও নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবি করেন। পুলিশের নিরপেক্ষতা প্রসঙ্গে কমিশনে চিঠি পাঠানোর জন্য তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, 'চিঠি লিখে নির্বাচন জেতা যায় না। গত ১৫ বছরের শাসনের হিসাব জনগণের সামনে পেশ করতে হবে।'

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ei Muhurte