নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক ঘটনা! গেঞ্জির কারখানায় বয়লার ফেটে বিস্ফোরণে মৃত ১, আহত ১। ঘটনাটি ঘটেছে, দত্তপুকুর থানার অন্তর্গত তালধারিয়া এলাকার ঘোষ পাড়ায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন দত্তপুকুর থানার পুলিশ।মৃতদের উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয় এবং গুরুতর আহত অবস্থায় আর একজনকে বারাসত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। বয়লার ফাটার বিকট আওয়াজে এলাকা এখনও আতঙ্কিত। মৃতের নাম সঞ্জয় সামন্ত, বয়স ৫৫ বছর।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এলাকায় আরও একাধিক কারখানা রয়েছে। আর এমন ঘটনা প্রথম নয়। প্রতি দু-তিন বছর অন্তর এমন ঘটনা ঘটে থাকে। এই কারখানাতে গেঞ্জির থান কাপড় কালার পেস্ট করা হত। সেই কাপড় বয়লারের মাধ্যমে গরম জলের স্টিম থেকে মেশিনারি সিস্টেমে চলত কালার দেওয়ার প্রক্রিয়া। অভিযোগ, ঘটনার সময়ে এই স্টিম তিরিক্ত গরম গিয়ে গিয়েই ব্লাস্ট করেছে।
একজন এলাকাবাসী জানিয়েছেন, ‘দীর্ঘদিন ধরেই এই এলাকায় অবৈধভাবে কারখানা গড়ে তোলা হয়েছে। প্রশাসনকে একাধিকবার জানিয়েও কোনও লাভ হয়নি। এখানে কোনও যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ হত না। এই বয়লার মেশিন গুলিরও রক্ষণাবেক্ষণ হত না। সেই কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। এখানে নানা রকম কাজকর্ম হয়। লোকালয়ের মধ্যেই সমস্ত কাজ করা অনিরাপদ। আজ বয়লার ফেটে যাওয়ার আওয়াজে পুরো এলাকা কেঁপে ওঠে। নিহত ব্যাক্তি পুরো সিদ্ধ হয়ে গুটিয়ে গিয়েছে। এরপরেই মালিক পালিয়ে যায়। এখন প্রশাসনকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার অনুরোধ করছি। কারখানা গুলোকে বন্ধ করে দেওয়ার জন্যে অনুরোধ করছি। যদি নিরাপত্তা মেনে কারখানা গুলো কাজ করতে পারে, তাহলে থাকুক নয়তো তুলে দেওয়া হোক।’
এখন গোটা ঘটনার সম্পূর্ণ তদন্তের জন্য এফএসএল টিমকে কল করা হয়েছে। কারখানার ম্যানেজারকে জিজ্ঞাসা করার জন্য আটক করা হয়েছে। আপাতত কারাখানাটি প্রশাসনের তরফ থেকে সিল করে দেওয়া হয়েছে। গোটা ঘটনার তদন্তে রয়েছেন দত্তপুকুর থানার পুলিশ।

