Dailyhunt
ঢাকায় গ্যাসলাইটার কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঝলসে মৃত্যু পাঁচজনের

ঢাকায় গ্যাসলাইটার কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঝলসে মৃত্যু পাঁচজনের

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: রাজধানীর কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু হয়েছে পাঁচজনের। ধ্বংসস্তুপের ভিতরে আরও কোনও দেহ রয়েছে কিনা, তা খতিয়ে দেখছেন দমকলকর্মীরা। মৃতদের শরীর এতটাই ঝলসে গিয়েছে যে চেনার কোনও উপায় নেই। ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পেয়েই কারখানার সামনে জড়ো হয়েছেন শ্রমিকদের পরিজনেরা।

দমকলের তরফে জানানো হয়েছে, 'শনিবার (৪ এপ্রিল) দুপুর একটা নাগাদ কদমতলীর চৌরাস্তার আল বারাকা হাসপাতালের পাশে থাকা গ্যাসলাইটার কারখানায় আগুন লাগে। ভিতরে প্রচুর দাহ্য পদার্থ থাকায় আগুন ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের খবর পেয়েই প্রথমে দমকলের তিনটি ইঞ্জিনকে ঘটনাস্থলে পাঠানো হয়। কিন্তু আগুনের লেলিহান শিখাকে নিয়ন্ত্রণে আনা যায়নি। বরং হিমশিম খান দমকল কর্মীরা। পরিস্থিতির মোকাবিলায় পরে আরও চারটি ইঞ্জিন পাঠানো হয়। বেশ কয়েক ঘন্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

দমকলের জনসংযোগ বিভাগের আধিকারিক আনোয়ারুল ইসলাম দোলন জানিয়েছেন, 'ভয়াবহ অগ্নিকাণ্ডে গ্যাসলাইটার কারখানাটি কার্যত ভস্মীভূত হয়ে গিয়েছে। কারখানার ভিতর থেকে মোট পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে নিহতদের পরিচয় জানা যায়নি। একজনকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিভাবে কারখানায় আগুন লাগল, তা জানা যায়নি। তবে প্রাথমিক অনুমান, শট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।'

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ei Muhurte