নিজস্ব প্রতিনিধিঃ সপ্তাহান্তে দিঘায় বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকলে বড় ধাক্কা পর্যটকদের জন্য। দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাসের জেরে আগামী ১২ জুলাই (রবিবার) পর্যন্ত দিঘায় সমুদ্রে নামার উপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। একই সঙ্গে সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা বহাল থাকছে মৎস্যজীবীদের জন্য।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, টানা বৃষ্টির কারণে সমুদ্র উত্তাল হয়ে উঠেছে। জোয়ারের সময় জলস্তরও অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে। পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখেই দিঘা, মন্দারমণি-সহ উপকূলের বিভিন্ন এলাকায় সমুদ্রস্নান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার রাত থেকেই মাইকে প্রচার করে স্থানীয় বাসিন্দা, পর্যটক এবং মৎস্যজীবীদের সতর্ক করা হচ্ছে। এর আগে মঙ্গলবার পর্যন্ত সমুদ্রস্নান ও মাছ ধরার উপর নিষেধাজ্ঞা ছিল। তবে আবহাওয়ার পরিস্থিতির উন্নতি না হওয়ায় সেই নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়ানো হয়েছে। ফলে সপ্তাহান্তে দিঘায় গেলেও পর্যটকদের সমুদ্রে নামার অনুমতি মিলবে না। এদিকে, গত ২ জুলাই শঙ্করপুর থেকে মাছ ধরতে গিয়ে ১৫ জন মৎস্যজীবী নিখোঁজ রয়েছেন। তাঁদের খোঁজে তল্লাশি চালানো হলেও এখনও পর্যন্ত কোনও সাফল্য মেলেনি। দ্রুত উদ্ধারকাজে আরও জোর দেওয়ার আবেদন জানিয়েছেন শঙ্করপুর ফিশারম্যান ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক ও প্রাক্তন বিধায়ক স্বদেশরঞ্জন নায়েক। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বাংলাদেশের উপর তৈরি শক্তিশালী ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখার যৌথ প্রভাবে দক্ষিণবঙ্গে বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।
আরও পড়ুনঃমুখ্যমন্ত্রীর আশ্বাসের পরই বারুইপুরের পর সূর্যপুরে নিরাপত্তা বাড়াতে বসছে নতুন পুলিশ ফাঁড়ি
কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়ায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা জারি হয়েছে। আগামী চার দিনে কোথাও কোথাও ১৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। পরিস্থিতির দিকে নজর রেখে উপকূলবর্তী এলাকায় সতর্কতা আরও জোরদার করেছে প্রশাসন।

