নিজস্ব প্রতিনিধি: বিকেলের চায়ের সঙ্গে মুখরোচক কিছু খেতে ইচ্ছে করে অনেকেরই। কিন্তু শরীরের কথা ভেবে বাজারের বিস্কুট বা কুকিজ এড়িয়ে চলেন। তবে আর এড়িয়ে যেতে হবে না, বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন পেঁপে-ওটসের কুকিজ। পাকা পেঁপে আর ওটসের মতো সাধারণ উপকরণ দিয়ে তৈরি এই কুকিজে প্রয়োজন নেই ডিম, মাখন, ময়দা কিংবা আলাদা করে চিনি যোগ করার।
অল্প সময়ে তৈরি করা যায় এই স্ন্যাকস। যাঁরা রোজকার খাবারে একটু স্বাস্থ্যকর বিকল্প রাখতে চান, তাঁদের জন্য এটি হতে পারে ভাল খাবার। কীভাবে বানাবেন এই কুকিজ? জানুন সহজ রেসিপি-
উপকরণ
পাকা পেঁপে - ১ কাপ (চটকানো)
ওটস - ১.৫ কাপ
বাদাম কুচি- ১ চামচ
কিশমিশ-২ চামচ
এক চিমটি দারচিনি গুঁড়ো
ডার্ক চকো চিপস- ২ চামচ
পদ্ধতি
প্রথমে পাকা পেঁপের খোসা ও বীজ ছাড়িয়ে শাঁস ভাল করে চটকে নিন। মসৃণ পিউরি তৈরি হয়ে গেলে তার মধ্যে ওটস মিশিয়ে দিন। এরপর মিশ্রণটি প্রায় ১০ মিনিট রেখে দিন, যাতে ওটস পেঁপের আর্দ্রতা শুষে নিতে পারে। মিশ্রণ বেশি পাতলা হলে সামান্য ওটস বাড়িয়ে নিতে পারেন। এর মধ্যে সামান্য দারচিনি গুঁড়ো, কুচোনো বাদাম, কিশমিশ মিশিয়ে নিন। এ বার মিশ্রণ থেকে অল্প অল্প অংশ নিয়ে গোল বল তৈরি করুন। হাত দিয়ে চেপে কুকিজের আকার দিন।
এরপর ওভেন ১৮০ ডিগ্রি সেলসিয়াসে প্রিহিট করে নিন। বেকিং ট্রেতে বেকিং পেপার বিছিয়ে তার উপর কুকিজগুলি সাজিয়ে রাখুন। প্রায় ১৫-২০ মিনিট বেক করুন। কুকিজের কিনারা হালকা সোনালি হয়ে এলে ওভেন থেকে বের করে নিন। তবে ওভেনের ধরন ও কুকিজের গঠন অনুযায়ী বেক করার সময় কিছুটা কমবেশি হতে পারে। ওভেন থেকে বের করার পর কুকিজগুলি কিছুক্ষণ ঠান্ডা হতে দিন। ঠান্ডা হলে এগুলি কিছুটা শক্ত হবে। এরপর বিকেলের চা বা কফির সঙ্গে পরিবেশন করুন বাড়িতে তৈরি পেঁপে-ওটস কুকিজ।

