Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
দুপুরেই শহরে ঝেঁপে বৃষ্টি, রাত থেকে বাড়বে দুর্যোগ! দক্ষিণবঙ্গজুড়ে জারি সতর্কতা

দুপুরেই শহরে ঝেঁপে বৃষ্টি, রাত থেকে বাড়বে দুর্যোগ! দক্ষিণবঙ্গজুড়ে জারি সতর্কতা

নিজস্ব প্রতিনিধিঃ দুপুরের পর থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে দফায় দফায় বৃষ্টি। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন রাজ্যে বৃষ্টির দাপট আরও বাড়তে পারে। বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ এবং অনুকূল বায়ুপ্রবাহের কারণে ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে।

মৌসুমি অক্ষরেখা বর্তমানে রাজস্থানের শ্রী গঙ্গানগর থেকে শুরু করে হরিয়ানা, উত্তরপ্রদেশের শাহজাহানপুর ও সুলতানপুর, বিহারের গয়া, পশ্চিমবঙ্গের বাঁকুড়া হয়ে পূর্ব দিকে মিজোরাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অক্ষরেখার প্রভাবে রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার কয়েকটি জায়গায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত অতিভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং-সহ উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অপরদিকে দক্ষিনবঙ্গেও বাড়ছে সতর্কতা। ৬ অগাস্ট থেকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বীরভূম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানের বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া দফতর জানিয়েছে, কয়েকটি জায়গায় বজ্রপাতের সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে তাই সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় দুপুরের বৃষ্টির পর রাত থেকে আবহাওয়ার দুর্যোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিচু এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ei Muhurte