নিজস্ব প্রতিনিধি; গরমের মরশুমে লাউ এমন একটি সবজি, যা শরীরকে ঠান্ডা রাখার পাশাপাশি সহজপাচ্যও। তবে রোজকার লাউয়ের তরকারি বা ডাল খেতে খেতে একঘেয়েমি আসতেই পারে। সেই একঘেয়েমি কাটাতে বাড়িতেই বানিয়ে ফেলুন দুধ ও ঘিয়ের সুগন্ধে ভরপুর 'শাহি লাউ'। কম মশলায় তৈরি এই পদ খেতে যেমন সুস্বাদু, তেমনই পুষ্টিকর।
উপকরণ
লাউ কুচি (৫০০ গ্রাম), গাওয়া ঘি (২ টেবিল চামচ), দুধ (আধ কাপ), গোটা জিরে (১ চা চামচ), মেথি (আধ চা চামচ), লবঙ্গ (৮টি), গোটা গোলমরিচ (১০টি), বড় এলাচ (২টি), দারচিনি (১ টুকরো), কাঁচালঙ্কা (৬টি-চেরা), চিনি (১ চা চামচ ), নুন (স্বাদমতো), ধনেপাতা কুচি (সাজানোর জন্য)।
পদ্ধতি
প্রথমে কড়াইতে ঘি গরম করে মেথি, গোটা জিরে, লবঙ্গ, গোলমরিচ, দারচিনি ও বড় এলাচ ফোড়ন দিন। সুগন্ধ বেরোলে চেরা কাঁচালঙ্কা দিয়ে সামান্য নেড়ে নিন। এরপর কুচোনো লাউ ও নুন দিয়ে মাঝারি আঁচে ভালভাবে কষিয়ে নিন। কিছুক্ষণ ঢেকে রাখুন, যাতে লাউ নিজের জলেই নরম হয়ে যায়। লাউ সিদ্ধ হয়ে এলে দুধ ও চিনি যোগ করে আবার নাড়ুন। মাঝারি থেকে কম আঁচে রান্না করুন, যতক্ষণ না অতিরিক্ত জল শুকিয়ে মাখামাখা ও ক্রিমি হয়ে আসে। শেষে উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন। এই শাহি লাউ গরম ভাত, রুটি, পরোটা কিংবা লুচির সঙ্গে দারুণ মানিয়ে যায়। কম মশলায় তৈরি হওয়ায় এটি শিশু থেকে বয়স্ক সকলের জন্যই উপযুক্ত একটি স্বাস্থ্যকর নিরামিষ পদ।

