নিজস্ব প্রতিনিধিঃ দুর্গাপুরে নাবালকদের বয়স গোপন করে বেসরকারি হাসপাতালে রক্তদান করানোর অভিযোগ। টাকার প্রলোভন দেখিয়ে একাধিক স্কুলপড়ুয়ার কাছ থেকে রক্ত সংগ্রহ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই ঘটনাকে কেন্দ্র করে থানায় লিখিত অভিযোেগ দায়ের করেছে সংশ্লিষ্ট বেসরকারি স্কুল কর্তৃপক্ষ।
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট।
অভিযোগ অনুযায়ী, দুর্গাপুরের একটি বেসরকারি স্কুলের তিন নাবালক ছাত্রকে ৩০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে রক্তদানে রাজি করানো হয়। অভিযোগ, ওই স্কুলেরই এক প্রাক্তন ছাত্র, বর্তমানে ভিড়িঙ্গি টিএন উচ্চ বিদ্যালয়ের পড়ুয়া, এই প্রলোভন দেখায়। এরপর তাদের বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে এক রোগীর আত্মীয় পরিচয় দিয়ে রক্তদান করানো হয় বলে অভিযোগ। আরও অভিযোগ, সরকারি নথিতে নাবালকদের প্রকৃত বয়স পরিবর্তন করে প্রাপ্তবয়স্ক হিসেবে দেখানো হয়েছিল। ঘটনা প্রকাশ্যে আসতেই তৎপর হয় স্কুল কর্তৃপক্ষ। অভিভাবকদের সঙ্গে নিয়ে থানায় অভিযোগ দায়ের করেন স্কুলের প্রিন্সিপাল দেবযানী বোস। তিনি জানান, বিষয়টি পুলিশের নজরে আনা হয়েছে এবং প্রাথমিকভাবে জানা যাচ্ছে, এজেন্টের মাধ্যমে নাবালকদের কাছ থেকে রক্ত সংগ্রহের একটি চক্র সক্রিয় রয়েছে।
এদিকে, বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, ৩০০ টাকার লোভ দেখিয়ে নাবালকদের রক্তদান করানো অত্যন্ত গুরুতর অভিযোগ। আইন অনুযায়ী প্রাপ্তবয়স্ক ব্যক্তিরাই নির্দিষ্ট শর্তসাপেক্ষে রক্তদান করতে পারেন। এই ঘটনার সঙ্গে জড়িত কাউকেই রেয়াত করা হবে না বলে তিনি সতর্ক করেন। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনার প্রণব কুমার জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু হয়েছে। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

