নিজস্ব প্রতিনিধি: আইসিসি-র সর্বশেষ র্যাঙ্কিং প্রকাশের পর আরও একবার স্পষ্ট হয়ে গেল বিশ্ব ক্রিকেটে ভারতের আধিপত্য ঠিক কতটা। ব্যাটিং, বোলিং প্রায় সব ক্ষেত্রেই ভারতীয় ক্রিকেটারদের দাপট চোখে পড়ার মতো। একের পর এক দুরন্ত পারফরম্যান্সের সুবাদে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ করে চলেছেন ভারতীয় তারকারা।
অন্যদিকে দুরন্ত ফর্মে থাকার পুরস্কার পেলেন ভারতের অধিনায়ক শুভমন গিল। আইসিসির প্রকাশিত সর্বশেষ একদিনের ব্যাটিং র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে বিশ্বের দুই নম্বর ব্যাটসম্যানের আসনে উঠে এসেছেন তিনি। শুধু তাই নয় গিল পিছনে ফেলেছেন বিরাট কোহলিকে। গিলের উত্থানে কোহলি এক ধাপ পিছিয়ে তিন নম্বরে নেমে গিয়েছেন ।
সম্প্রতি আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে ছিলেন গিল। সেই ধারাবাহিক পারফরম্যান্সই তাঁকে র্যাঙ্কিংয়ে বড়সড় লাফ দিতে সাহায্য করেছে। বর্তমানে শীর্ষে থাকা নিউজিল্যান্ডের ড্যারিল মিচেলের থেকে মাত্র ২৪ রেটিং পয়েন্ট পিছিয়ে রয়েছেন ভারতীয় অধিনায়ক। শুধু গিলই নন, ভারতীয় ক্রিকেটারদের জন্য এই আপডেট বেশ অনেকগুলি সুখবর নিয়ে এসেছে। উইকেটরক্ষক-ব্যাটার ঈশান কিশানও নজর কেড়েছেন। তিনি ২১ ধাপ এগিয়ে যৌথভাবে ৪৩তম স্থানে উঠে এসেছেন। বোলারদের তালিকাতেও ভারতের সাফল্য নজর কেড়েছে। বাঁহাতি পেসার অর্শদীপ সিং ১৬ ধাপ এগিয়ে ২২ নম্বরে উঠে এসেছেন। এছাড়া প্রসিদ্ধ কৃষ্ণ ৩৪ ধাপ এগিয়ে ৫৮তম স্থানে পৌঁছেছেন। অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরও ১৭ ধাপ এগিয়ে যৌথভাবে ৭১ নম্বরে জায়গা করে নিয়েছেন। অন্যদিকে রোহিত শর্মা চতুর্থ স্থানেই রয়ে গিয়েছেন। শ্রেয়স আইয়ার এক ধাপ এগিয়ে ১৪তম স্থানে উঠে এসেছেন। তবে কেএল রাহুল দুই ধাপ পিছিয়ে ১১তম স্থানে নেমে গিয়েছেন।
অন্যদিকে টেস্ট ক্রিকেটেও র্যাঙ্কিংয়ে পরিবর্তন এসেছে। নিউজিল্যান্ডের ম্যাট হেনরি ভারতের তারকা বোলার জসপ্রীত বুমরাহর সঙ্গে যৌথভাবে এক নম্বর টেস্ট বোলার হয়ে উঠেছেন। দীর্ঘ ৩৬ বছর পর জ্যাক কাওয়ি এবং রিচার্ড হ্যাডলির পর নিউজিল্যান্ডের কোনো ফাস্ট বোলার সর্বোচ্চ র্যাঙ্কিংয়ে উঠে এসেছেন। ২০২৪ সালের নভেম্বরে কাগিসো রাবাদাকে পেছনে ফেলে বুমরাহ এককভাবে শীর্ষস্থান দখল করে রেখেছিলেন, কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সিরিজ ১-১ সমতায় আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় হেনরি শীর্ষে উঠে এসেছেন। টেস্ট ক্রিকেটে ব্যাটারদের তালিকায় ফের শীর্ষস্থানে ফিরেছেন ইংল্যান্ডের অভিজ্ঞ ব্যাটার জো রুট।

