নিজস্ব প্রতিনিধি: ফুটবল দুনিয়ায় ফের ইতিহাস গড়লেন বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল। রায়ো ভায়েকানোর বিরুদ্ধে লা লিগার ম্যাচে দুর্দান্ত গোল করে বার্সেলোনার হয়ে নিজের ৫০তম গোল পূর্ণ করলেন তিনি। মাত্র ১৯ বছর বয়সেই এই নজির গড়ে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে সবচেয়ে কম বয়সে ৫০ ক্লাব গোল করার রেকর্ড নিজের নামে করে নিয়েছেন ইয়ামাল।
এই মাইলফলক ছুঁয়ে দেখার সময় ইয়ামালের বয়স হল মাত্র ১৯ বছর ৪৯ দিন।
ক্যাম্প ন্যু-তে রায়োর বিরুদ্ধে ম্যাচে শুরুটা অবশ্য বার্সেলোনার পক্ষে ভালো হয়নি। ১২ মিনিটে গোল করে এগিয়ে যায় রায়ো। এরপর ১৯ মিনিটে রাফিনিয়ার গোলে সমতা ফেরায় বার্সেলোনা। মাত্র দু’মিনিট পরেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ইয়ামাল। বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দুর্দান্ত বাঁকানো শটে বল জালে জড়িয়ে দেন তিনি। সেই গোলই ছিল বার্সেলোনার হয়ে তাঁর ৫০তম গোল। ইয়ামাল ১৯ বছর ৪৯ দিনে রেকর্ডটি গড়ে পেছনে ফেলেছেন রিয়াল মাদ্রিদের প্রাক্তন স্ট্রাইকার রাউল গঞ্জালেসকে। ১৯ বছর ২৪৯ দিন বয়সে ৫০তম গোলের দেখা পান রাউল। আতলেতিকো মাদ্রিদের হয়ে ২০ বছর ২২১ দিন বয়সে মাইলফলকটির দেখা পান ফার্নান্দো তোরেস।
এই গোল ক্লাব বার্সেলোনার ইতিহাসের পাতাতেও এটি নতুন অধ্যায় যোগ করেছে। ১৯৩৫ সালে ২০ বছর ৩৫৬ দিন বয়সে ৫০ গোল করে ৯০ বছর ধরে কাতালান ক্লাবটির এই রেকর্ড নিজের দখলে রেখেছিলেন প্রয়াত ফরোয়ার্ড জোসেফ এসকোলা। এমনকি ক্লাব ইতিহাসের সেরা ফুটবলার লিওনেল মেসিও এই সাফল্যের চূড়ায় পৌঁছাতে পারেুরায়। মেসির ৫০তম গোল এসেছিল ২১ বছর ১২০ দিন বয়সে। শুধু ৫০ গোলেই থামেননি ইয়ামাল। ম্যাচের শেষদিকে আবার গোল করে নিজের জোড়া গোল পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত রাফিনিয়া ও ইয়ামালের জোড়া গোলে ভর করে রায়ো ভায়েকানোকে ৫-২ ব্যবধানে হারায় বার্সেলোনা। তিন ম্যাচে তিন জয় নিয়ে লা লিগায় দুর্দান্ত শুরু করেছে হান্সি ফ্লিকের দল।

