নিজস্ব প্রতিনিধিঃ বাঙালির পাতে একটু মাছের পদ না হলে দুপুরের খাওয়াটা ঠিক জমে না! আর মাছ যদি হয় ভেটকি, তবে তো কথাই নেই! সাধারণত ভেটকি মাছের ফিলে বা কালিয়া বাঙালির ঘরে ঘরে রান্না হয়। কিন্তু তার বাইরেও ভেটকি মাছের কাঁটা দিয়েও যে সুস্বাদু পদ তৈরি করা সম্ভব, তা চটপট জেনে নিন। গরম ভাতের সঙ্গে এই কাঁটা চচ্চড়ি থাকলে দুপুরের ভোজ এক নিমেষে জমজমাট হয়ে উঠবে।
চলুন দেখে নেওয়া যাক, কীভাবে ঘরোয়া উপাদানে সহজে বানিয়ে ফেলবেন স্বাদে অনবদ্য এই 'ভেটকির কাঁটা চচ্চড়ি'।
উপকরণ
৫০০ গ্রাম ভেটকি মাছের কাঁটা , ১ চা-চামচ পাঁচফোড়ন, ২ টেবিল-চামচ পেঁয়াজবাটা, ১ টেবিল-চামচ আদা-রসুন বাটা, ২ চা-চামচ লঙ্কাগুঁড়ো, ১ চা-চামচ জিরেগুঁড়ো, ২টি শুকনো লঙ্কা, ১টি টমেটো কুচি, ১ চা-চামচ হলুদ গুঁড়ো, স্বাদমতো নুন, সামান্য চিনি, প্রয়োজনমতো সর্ষের তেল, সাজানোর জন্য ধনেপাতা কুচি।
প্রদ্ধতি
প্রথমে ভেটকি মাছের কাঁটা ভাল করে ধুয়ে জল ঝরিয়ে নিন। কড়াইয়ে সর্ষের তেল গরম করে কাঁটাগুলি হালকা ভেজে তুলে রাখুন। একই তেলে পাঁচফোড়ন ও শুকনো লঙ্কার ফোঁড়ন দিন। এরপর পেঁয়াজবাটা, আদা-রসুন বাটা এবং টমেটো কুচি দিয়ে ভালভাবে কষিয়ে নিন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে নুন, সামান্য চিনি, হলুদ, জিরেগুঁড়ো ও লঙ্কাগুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ কষান। এবার অল্প জল দিয়ে মশলাটি ফুটিয়ে তার মধ্যে ভাজা মাছের কাঁটা দিয়ে ঢেকে দিন। মাঝারি আঁচে কয়েক মিনিট রান্না করুন যাতে মশলা কাঁটার সঙ্গে ভালভাবে মিশে যায়। শেষে উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি 'ভেটকির কাঁটা চচ্চড়ি'। গরম ভাতের সঙ্গে এই পদ খেলে স্বাদ হবে অনন্য। চাইলে এতে আলু, বেগুন বা পটল দিয়ে ছ্যাঁচড়ার মতো করেও রান্না করতে পারেন।

