নিজস্ব প্রতিনিধি: সোমবার সন্ধ্যার পর কালবৈশাখীর তাণ্ডব দেখেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। লণ্ডভন্ড হয়েছে একাধিক এলাকা। তবে কাটেনি দুর্যোগের মেঘ। আজ, মঙ্গলবার আলিপুর আবহাওয়া দফতর রাজ্য়ে ঝড়-বৃষ্টি নিয়ে দিয়েছে বড় আপডেট। ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জোড়া ফলায় এদিন থেকেই বাড়বে কালবৈশাখীর দাপট।
ওড়িশা এবং তার পার্শ্ববর্তী এলাকার উপর সক্রিয় রয়েছে ঘূর্ণাবর্ত। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে দক্ষিণ ভারত পর্যন্ত সক্রিয় রয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা । যার জেরে প্রবল দুর্যোগের আশঙ্কা বাংলায়। একাধিক জেলায় জারি করা হয়েছে হলুদ ও কমলা সতর্কতা। জেনে নিন কোথায় কোথায় হবে বৃষ্টি।
গঙ্গা-সংলগ্ন পশ্চিমবঙ্গ থেকে শুরু করে ওড়িশা ও তার পার্শ্ববর্তী এলাকার ওপর রয়েছে ঘূর্ণাবর্ত। তেলেঙ্গানা, রায়লসীমা এবং তামিলনাড়ুর ওপর দিয়ে মান্নার উপসাগর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। অনুকূল বাতাস এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের প্রবেশের ফলে আগামী ৭-১০ এপ্রিল পর্যন্ত পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বৃদ্ধি পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় স্থানে এবং উত্তরবঙ্গের এক বা দুটি এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের কালিম্পং জেলার দু-একটি জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে হয়েছে।
এক নজরে দেখে দিন কবে কোথায় জারি করা হয়েছে কমলা ও হলুদ সতর্কতা এবং কতটা হবে বৃষ্টি…
আজ মঙ্গলবার (৭ এপ্রিল) দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের দু’একটি জায়গা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা বাতাস (গতিবেগ ঘণ্টায় ৫০-৬০ কিমি পর্যন্ত পৌঁছাতে পারে) বইবে। এছাড়া ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার এক বা দুটি স্থানে শিলাবৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোর এক বা দুটি স্থানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা বাতাস (গতিবেগ ঘণ্টায় ৪০-৫০ কিমি পর্যন্ত) বইতে পারে। এই জায়গাগুলিতে জারি করা হয়েছে কমলা ও হলুদ সতর্কতা।
উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জেলায় এক বা দুটি জায়গায় বজ্রবিদ্যুৎসহ ঝড়ো হাওয়া (গতিবেগ ৪০-৫০ কিমি/ঘণ্টা) এবং সেই সঙ্গে শিলাবৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে কমলা সতর্কতা। জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় এক বা দুটি স্থানে বজ্রবিদ্যুৎসহ ঝড়ো হাওয়া (গতিবেগ ৪০-৫০ কিমি/ঘণ্টা) হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া, উত্তরবঙ্গের বাকি জেলাগুলির এক বা দুটি স্থানে বজ্রবিদ্যুৎসহ ঝড়ো হাওয়া (গতিবেগ ৩০-৪০ কিমি/ঘণ্টা) বইতে পারে। এই জায়গাগুলির জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
বুধবার (৮ এপ্রিল) দক্ষিণবঙ্গের বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, হুগলি, হাওড়া এবং উত্তর ২৪ পরগনা জেলার এক বা দুটি স্থানে ৬০ থেকে ৭০ কিমি/ঘণ্টা বেগে দমকা হাওয়া বইতে পারে এবং বজ্রবিদ্যুৎ সহ ঝড় হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, পূর্ব বর্ধমান, উত্তর ২৪ পরগনা এবং হুগলি জেলার এক বা দুটি স্থানে ভারী বৃষ্টিপাত (০৭-১১ সেমি) হওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া, দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির এক বা দুটি জায়গায় বজ্রপাত এবং দমকা বাতাস (গতিবেগ ৫০-৬০ কিমি/ঘণ্টা পর্যন্ত) বইতে পারে। এই জায়গাগুলিতে জারি করা হয়েছে কমলা সতর্কতা।
উত্তরবঙ্গের সমস্ত জেলার অধিকাংশ স্থানেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বা বজ্রসহ বৃষ্টি হওয়ার কমলা সতর্কতা জারি করা হয়েছে। এর পাশাপাশি জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার এক বা দুটি স্থানে ভারী বৃষ্টিপাত (০৭-১১ সেমি) হওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলার এক বা দুটি জায়গায় বজ্রঝড়, বজ্রপাত এবং দমকা হাওয়া (গতিবেগ ৫০-৬০ কিমি/ঘণ্টা পর্যন্ত পৌঁছাতে পারে) বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়াও, উত্তরবঙ্গের বাকি জেলাগুলির এক বা দুটি এলাকায় ঝড়, বজ্রপাত এবং দমকা হাওয়া (গতিবেগ ৪০-৫০ কিমি/ঘণ্টা পর্যন্ত পৌঁছাতে পারে) বইতে পারে।
আরও পড়ুন: কালবৈশাখীর সম্ভাবনা! দ্রুত সভা শেষ করছেন মমতা
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার একাধিক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোর দু-এক স্থানেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা ।
উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার একাধিক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বা বজ্রসহ বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলোর দু-এক জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি, উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার এক বা দুটি স্থানে বজ্রপাত ও দমকা হাওয়াসহ (গতিবেগ ঘণ্টায় ৪০-৫০ কিমি পর্যন্ত পৌঁছাতে পারে) বজ্রঝড় হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং পুরুলিয়া জেলার এক বা দুটি স্থানে হালকা বৃষ্টি হতে পারে। কোনও সতর্কতা নেই দক্ষিণবঙ্গের জন্য। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার এই জেলাগুলির কয়েকটি স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলির এক বা দুটি স্থানে হালকা বৃষ্টি বা বজ্রপাত হতে পারে।

