নিজস্ব প্রতিনিধি: বিপাকে পড়লেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্যাথিড্রাল রোডে দলের ছাত্র পরিষদের অনুষ্ঠানে কলকাতা হাইকোর্টের শর্ত লঙ্ঘন করার অভিযোগ ওঠে মমতার বিরুদ্ধে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সেই বিষয়ে কড়া বার্তা দিয়েছিলেন। গতকাল, শুক্রবার কলকাতা পুলিশকে FIR দায়েরের নির্দেশ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী।
সেই নির্দেশ মতোই আজ, শনিবার দুপুরে তৃণমূলনেত্রীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করেছে হেস্টিংস থানা। মমতার বিরুদ্ধে দায়ের হয়েছে FIR। আদালতের নির্দেশ অবমাননা-সহ পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, প্রশাসনের কাজে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে তৃণমূলনেত্রীর বিরুদ্ধে। একই সঙ্গে আদালতের নির্ধারিত সময়ের শর্ত বেঁধে দেওয়ার পরেও অনুষ্ঠান চালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তবে শুধুই তৃণমূলনেত্রী নন। অনুষ্ঠানের উদ্যোক্তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৬১(২)/২২৩/১২৫(ক)/১৩২/২৮৫ ধারায় এফআইআর দায়ের করেছে হেস্টিংস থানা।
সূত্রের খবর, এই এফআইআরের ভিত্তিতেই এবার কালীঘাট তৃণমূল ও প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবে হেস্টিংস থানার পুলিশ। শর্তসাপেক্ষে তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানের অনুমতি দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। তৃণমূলের দুই শিবিরকেই সভার অনুমতি দেওয়া হয়েছিল। কালীঘাট তৃণমূলকে হাইকোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল, ক্যাথিড্রাল রোডের উত্তরমুখী লেন খোলা রেখে অনুষ্ঠান করতে হবে। কিন্তু বাস্তবে ঘটে উল্টোটা। রাস্তার উভয় দিকের লেনই বন্ধ হয়ে যায় তৃণমূল কর্মীদের ভিড়ের চাপে। দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত সভার অনুমতি দিয়েছিল আদালত। তবে নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরেও কর্মসূচি শেষ করা হয়নি বলে অভিযোগ। পাশাপাশি পুলিশের সঙ্গে ধস্তাধস্তিরও অভিযোগ উঠেছে। সেই সমস্ত কারণ নিয়ে মমতা এবং সভার উদ্যোক্তাদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করেছে পুলিশ।
আরও পডুন: 'রাস্তায় যিনি থুতু ফেলবেন, তাকে দিয়েই পরিষ্কার করানো হবে', কড়া হুঁশিয়ারি অগ্নিমিত্রার
মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে গতকাল, শুক্রবারই যাদবপুর থেকে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী। শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, ‘দেখলেন না আজকে প্রাক্তন মুখ্যমন্ত্রী কীভাবে হাইকোর্টের নির্দেশকে ভাঙলেন। রাস্তার একটি লেন ছেড়ে সভা করতে বলেছিল হাইকোর্ট। গাছের নীচে থাকা লোককে ডেকে রাস্তা বন্ধ করিয়ে কী করলেন তিনি। আমি পুলিশকে বলেছি এফআইআর রেজিস্ট্রার করতে এবং ওনার বিরুদ্ধে হাইকোর্টে মুভ করতে। কাউকে ছাড়া হবে না।’

