নিজস্ব প্রতিনিধি: প্রবল শিলাবৃষ্টির মধ্যে ছোট্ট বাছুরকে উদ্ধার করেছে এক ব্যক্তি। এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতেই মন ছুঁয়ে গেছে নেটিজেনদের (যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এই মুহুর্তে-এর ডিজিট্যাল)। উসমান নামের এক ব্যবহারকারী ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করেছেন।
ইনস্টাগ্রামে 'উসমান' নামে এক ব্যবহারকারীর শেয়ার করা ভিডিওতে দেখা যায়, প্রবল শিলাবৃষ্টিতে চারপাশ প্রায় অচল। বড় বড় বরফের টুকরো মাটিতে আছড়ে পড়ছে। আর তাতেই পরিবেশের পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠেছে। এমন সময়ে এক যুবক দৌড়ে চলেছেন খোলা রাস্তায়। হঠাৎই তার চোখে পড়ে একটি বাছুর-ঝড়ের মধ্যে অসহায়ভাবে দাঁড়িয়ে। এক মুহূর্ত দেরি না করে তিনি ছুটে যান বাছুরটির কাছে। সতর্কভাবে তাকে ঘাড়ে তুলে নেন এবং নিরাপদ আশ্রয়ের দিকে নিয়ে যান। নিজের শরীর দিয়ে শিলাবৃষ্টির আঘাত সামলে প্রাণটিকে রক্ষা করার চেষ্টা করেন। নিজের নিরাপত্তার কথা না ভেবে অন্য এক নিরীহ প্রাণীর জীবনের পাশে দাঁড়ানো এই দৃশ্যই আজ সবার হৃদয় ছুঁয়ে গেছে।
ভিডিওটি ইতিমধ্যেই ২ কোটিরও বেশি ভিউ হয়েছে এবং ক্রমেই ভাইরাল হচ্ছে। কমেন্ট বক্সে উপচে পড়ছে প্রশংসার কমেন্ট। কেউ লিখেছেন, 'এটাই সত্যিকারের মানবতা।' আবার কেউ বলেছেন, 'এমন মানুষই পৃথিবীকে সুন্দর করে।' অনেকেই মনে করছেন, সময়মতো সাহায্য না পেলে বাছুরটির বাঁচা কঠিন ছিল। এই ভিডিও আমাদের আবারও মনে করিয়ে দিল, বড় পরিবর্তনের জন্য সবসময় বড় পদক্ষেপের প্রয়োজন হয় না।

