নিজস্ব প্রতিনিধিঃ সম্প্রতি একটি জনসভায় তাঁর করা মন্তব্যকে কেন্দ্র করে অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তের স্বার্থে তাঁকে থানায় হাজির হতে বলা হয়েছে। সেই নোটিস মেনেই শনিবার সকাল সাড়ে ১১টায় মুর্শিদাবাদের রেজিনগর থানায় হাজিরা দেওয়ার কথা তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবীরের।
শনিবার সকালে বাড়ি থেকে রওনা দেন হুমায়ুন কবীর। তিনি জানিয়েছেন, নির্ধারিত সময়ের পাঁচ মিনিট আগেই রেজিনগর থানায় পৌঁছবেন। থানায় যাওয়ার আগে তিনি বলেন, তদন্তে তিনি পূর্ণ সহযোগিতা করবেন এবং পুলিশের সব প্রশ্নের উত্তর দেবেন। তবে একইসঙ্গে হুমায়ুনের দাবি, তাঁকে যদি গ্রেফতার করা হয়, তাহলে তাঁর সমর্থকদের মধ্যে ১০০ জন স্বেচ্ছায় গ্রেফতার হবেন। তাঁর কথায়, ওই ১০০ জনের আধার কার্ডের প্রতিলিপি আগে থেকেই সংগ্রহ করে রাখা হয়েছে। প্রয়োজনে তাঁরা একসঙ্গে পুলিশের কাছে আত্মসমর্পণ করবেন।
পুলিশ সূত্রে খবর, অভিযোগের ভিত্তিতে ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। সেই কারণেই বিধায়ককে ডেকে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের সময় তাঁর বক্তব্য নথিভুক্ত করা হবে। প্রয়োজন হলে তদন্তের পরবর্তী ধাপে আইনি পদক্ষেপ করা হবে। হুমায়ুন কবীরের থানায় হাজিরাকে ঘিরে রেজিনগর থানা এলাকায় নিরাপত্তাও বাড়ানো হয়েছে।

