Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ইলিশ-চিংড়িকে দেবে টক্কর! বানিয়ে নিন সর্ষে-পোস্তর 'পনির ভাপা'

ইলিশ-চিংড়িকে দেবে টক্কর! বানিয়ে নিন সর্ষে-পোস্তর 'পনির ভাপা'

নিজস্ব প্রতিনিধিঃ বাঙালি রান্নায় সর্ষের স্বাদ মানেই অন্যরকম আবেগ। আর সেই সর্ষের সঙ্গে ছানা, নারকেল, পোস্ত ও কাঁচালঙ্কার মেলবন্ধনে তৈরি হতে পারে অসাধারণ চানা ভাপা। খুব বেশি ঝামেলা ছাড়াই তৈরি করা যায় এই নিরামিষ পদ। ভাতের সঙ্গে তো বটেই, রুটির সঙ্গেও খেতে পারেন।

উপকরণ

২৫০ গ্রাম ছানা/পনির, ৫-৬টি কাঁচালঙ্কা, সামান্য ধনেপাতা, ৭৫ গ্রাম টক দই, ১ টেবিল চামচ হলুদ সর্ষে, ১ টেবিল চামচ কালো সর্ষে, ২ টেবিল চামচ নারকেলের পেস্ট, ১ টেবিল চামচ পোস্তবাটা, ¼ চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদমতো নুন, ৩ টেবিল চামচ সর্ষের তেল।

পদ্ধতি

প্রথমে হলুদ ও কালো সর্ষে সামান্য নুন দেওয়া জলে প্রায় ১৫ মিনিট ভিজিয়ে রাখুন। এরপর সর্ষে বেটে ছেঁকে নিন, যাতে খোসা আলাদা হয়ে যায়। এবার ছানা থেকে অতিরিক্ত জল ভাল করে ঝরিয়ে হাত বা চামচ দিয়ে মেখে নিন। তার মধ্যে সর্ষেবাটা, নারকেলের পেস্ট, পোস্তবাটা, হলুদ, নুন, কুচনো ধনেপাতা, কাঁচালঙ্কা এবং সর্ষের তেল দিয়ে ভালভাবে মিশিয়ে নিন। চাইলে দইও মিশিয়ে দিতে পারেন। মিশ্রণটি একটি ঢাকনাযুক্ত পাত্রে ঢেলে দিন। এবার ভাপানোর পালা। কড়াইয়ে সামান্য জল দিয়ে তার মধ্যে পাত্রটি বসিয়ে ঢেকে কম আঁচে প্রায় ১৫ মিনিট ভাপাতে পারেন। প্রেশার কুকারেও একইভাবে পাত্রটি বসিয়ে মাঝারি আঁচে দু'টি সিটি পর্যন্ত রান্না করা যায়। আর মাইক্রোওয়েভে করতে চাইলে মাইক্রোওয়েভ-সেফ ঢাকনাযুক্ত পাত্রে মিশ্রণটি দিয়ে মাঝারি পাওয়ারে প্রায় ২০ মিনিট রান্না করুন। ভাপানো হয়ে গেলে কিছুক্ষণ রেখে পাত্রটি খুলুন। সর্ষে ও সর্ষের তেলের ঝাঁঝে তৈরি হয়ে যাবে সুস্বাদু চানা ভাপা। গরম ভাতের সঙ্গে পরিবেশন করলেই জমে যাবে বাঙালি দুপুরের খাবার।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ei Muhurte