নিজস্ব প্রতিনিধি: মিষ্টি খেতে ভালবাসেন? তাহলে চেনা জিলিপির স্বাদে একটু নতুনত্ব আনতেই পারেন। দোকান থেকে মিষ্টি কিনে আনার বদলে বাড়িতেই বানিয়ে ফেলুন পনির জিলিপি। বাইরে থেকে মুচমুচে, ভিতরে নরম আর চিনির রসে টইটম্বুর এই মিষ্টি একবার বানালে বাড়ির ছোট থেকে বড় সকলেরই মন জয় করবে। পুজোর অতিথি আপ্যায়ন হোক বা বাড়িতে হঠাৎ মিষ্টি খাওয়ার ইচ্ছে জাগলে কম ঝামেলায় এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন।
উপকরণ
পনির - ২০০ গ্রাম
ময়দা - ২ টেবিল চামচ
কর্নফ্লাওয়ার - ১ টেবিল চামচ
বেকিং সোডা - সামান্য
দই - ১ টেবিল চামচ
ঘি বা সাদা তেল
চিনি
এলাচ - ২টি
লেবু
প্রণালী
প্রথমে পনির ভাল করে মেখে নিন। পনির যেন একেবারে মসৃণ হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। এবার এর সঙ্গে ময়দা, কর্নফ্লাওয়ার, দই এবং সামান্য বেকিং সোডা মিশিয়ে নিন। অল্প অল্প করে জল দিয়ে উপকরণগুলি মেখে একটি নরম মিশ্রণ তৈরি করুন। মিশ্রণটি খুব পাতলা বা খুব শক্ত যেন না হয়। এবার সেটিকে কিছুক্ষণ রেখে দিন। অন্যদিকে একটি পাত্রে চিনি ও জল দিয়ে ফুটিয়ে চিনির রস তৈরি করুন। রসে এলাচ দিয়ে সুগন্ধ আনতে পারেন। একেবারে ঘন করে ফেলবেন না। শেষে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নামিয়ে রাখুন। এবার তৈরি করা পনিরের মিশ্রণটি একটি পাইপিং ব্যাগ বা পরিষ্কার কাপড়ের কোণায় ভরে নিন। কড়াইয়ে তেল বা ঘি গরম করে গোল করে জিলিপির আকারে মিশ্রণটি ছেড়ে দিন। মাঝারি আঁচে ধীরে ধীরে ভাজুন। দু'পিঠ ভালভাবে সোনালি ও মুচমুচে হয়ে গেলে তেল থেকে তুলে সরাসরি গরম চিনির রসে দিয়ে দিন। কয়েক মিনিট রসে ডুবিয়ে রাখার পর তুলে নিন। ব্যস, তৈরি হয়ে গেল ঘরোয়া পনির জিলিপি। চাইলে উপর থেকে সামান্য কুচনো পেস্তা বা কাজু ছড়িয়ে পরিবেশন করতে পারেন।

