Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
'জিজ্ঞাসাবাদের পর উদয়নিধিকে মুক্তি দিতে হবে,' পুলিশকে নির্দেশ মাদ্রাজ হাইকোর্টের

'জিজ্ঞাসাবাদের পর উদয়নিধিকে মুক্তি দিতে হবে,' পুলিশকে নির্দেশ মাদ্রাজ হাইকোর্টের

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: অভিনেত্রী তৃষা কৃষ্ণনকে নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগে আজ, মঙ্গলবার সকালেই গ্রেফতার হয়েছেন উদয়নিধি স্ট্যালিন। তামিলনাড়ুর বিরোধী দলনেতাকে এদিন সকালেই বাড়ি থেকে তুলে নিয়ে যায় চেন্নাই পুলিশ। তৃষার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের জন্য তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে চেন্নাই পুলিশ।

তারপরেই উদয়নিধিকে তুলে নিয়ে যায় পুলিশ। সেই ঘটনায় পুলিশের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ তুলে মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হন স্ট্যালিন পুত্র উদয়নিধির আইনজীবী।

সেই মামলাতেই এবার চেন্নাই পুলিশকে বিশেষ নির্দেশ দিল মাদ্রাজ হাইকোর্ট। আদালতের তরফে বলা হয়েছে, তৃষা কাণ্ডে জিজ্ঞাসাবাদের পর মুক্তি দিতে হবে উদয়নিধিকে। সঙ্গে তদন্তে সহযোগিতা করতে তামিলনাড়ুর বিরোধী দলনেতা উদয়নিধিকেও নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এই মামলায় পুলিশের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে বলেই উদয়নিধিকে নির্দেশ দিয়েছেন বিচারপতি। সেই শর্তেই তাঁকে অন্তর্বর্তী রক্ষাকবচ দিয়েছে মাদ্রাজ হাইকোর্ট। আদালতের নির্দেশ পাওয়া মাত্রই তামিলনাড়ুর বিরোধী দলনেতাকে ছেড়ে দেয় চেন্নাই পুলিশ।

আরও পডুন: মাঝ আকাশে বিপত্তি, ৩০০ ফুট নীচে নেমে গেল এয়ার ইন্ডিয়ার বিমান, জখম বহ যাত্রী

অভিনেত্রী তৃষা কৃষ্ণনকে নিয়ে কুরুচিকর মন্তব্যের জেরে স্ট্যালিন পুত্র উদয়নিধির বিরুদ্ধে অ্যাকশন নেয় পুলিশ। আজ, মঙ্গলবার সকালে তাঁর বাড়িতে পৌঁছে গিয়েছিল চেন্নাই পুলিশ। সেখান থেকেই তাঁকে গ্রেফতার করা হয়। উদয়নিধির গ্রেফতারি নিয়ে তুমুল উত্তেজনা দেখা যায় চেন্নাইতে। তামিলনাড়ুর বিধানসভার বিরোধী দলনেতা উদয়নিধি স্ট্যালিনকে বাড়িতে বের করতে গিয়ে যথেষ্ট বেগ পেয়েছিল পুলিশ। কারণ ডিএমকে-র সমর্থকরা উদয়নিধির বাড়ি ঘিরে ফেলে। কোনওরকমে স্ট্য়ালিন পুত্রকে গ্রেফতার করে প্রিজন ভ্যানে তুলে থাঞ্জাভুর থানায় নিয়ে যাওয়া হয়। সেখানেই তৃষা কাণ্ডে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল উদয়নিধিকে। তখনই মাদ্রাজ হাইকোর্টের তরফে এই নির্দেশ আসে।

গ্রেফতারি নিয়ে বিন্দুমাত্র বিচলিত হতে দেখা যায়নি উদয়নিধিকে। তাঁকে হাসতে দেখা গিয়েছিল। পরে প্রিজন ভ্য়ান থেকেই তিনি বলেছিলেন, ‘এই গ্রেফতার আদপে একটা হাস্যকর ঘটনা। আইনি পথে গ্রেফতারির বিরুদ্ধে লড়ব আমি। আমার ভাষণে মুখ্যমন্ত্রী ছাড়া আর কারোর নাম নিইনি।’ এই ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেই ব্যাখ্যা করেছে তামিলনাড়ুর প্রাক্তন শাসকদল ডিএমকে। কাবেরী নদীর জলবণ্টন সংক্রান্ত বিষয় থেকে নজর ঘোরাতেই এই বিতর্ক তৈরি করছে বিজয়ের সরকার। তোপ দেগেছিল স্ট্যালিনের দলের। যদিও ডিএমকে-র দাবি নস্যাৎ করে দিয়েছে তামিলনাড়ুর বর্তমান শাসকদল টিভিকে। বিজয়ের দলের মুখপাত্র জানিয়েছেন, ‘মুখ্যমন্ত্রী বিজয় বা টিভিকে-র বিরুদ্ধে কথা বলার জন্য নয়। বরং একজন নারীকে অপমান করার জন্য উদয়নিধি স্ট্যালিনকে গ্রেফতার করা হয়েছে।’ অভিনেত্রী তৃষার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করায় তামিলনাড়ুর বিরোধী দলনেতা উদয়নিধি স্ট্যালিনের বিরুদ্ধো ক্ষোভপ্রকাশ করেছে জাতীয় মহিলা কমিশনও।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ei Muhurte