নিজস্ব প্রতিনিধিঃ কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র। ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে দায়ের হওয়া মামলায় হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে বিশেষ অনুমতি আবেদন (এসএলপি) দাখিল করেছেন তিনি। আগামী সপ্তাহেই সুপ্রিম কোর্টে মামলাটির শুনানি হতে পারে বলে আইনজীবী মহলের সূত্রে খবর।
সম্প্রতি কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য মহুয়া মৈত্রকে অন্তর্বর্তী সুরক্ষা দিলেও তদন্তে কোনও স্থগিতাদেশ দেননি। আদালত জানিয়েছিল, আইন অনুযায়ী পুলিশ তদন্ত চালিয়ে যেতে পারবে। পাশাপাশি নির্দেশ দেওয়া হয়, সংসদের অধিবেশন শেষ হওয়ার পর আগামী ১৪ আগস্ট বিকেল ৩টায় মহুয়াকে তদন্তকারী আধিকারিকের সামনে হাজিরা দিতে হবে।হাইকোর্ট আরও নির্দেশ দেয়, জিজ্ঞাসাবাদের সময় মহুয়া মৈত্রের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তাঁর দিকে যাতে ডিম বা অন্য কোনও বস্তু নিক্ষেপ না করা হয় এবং তিনি যাতে কোনও ধরনের হেনস্থা বা হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করার দায়িত্ব পুলিশের। একই সঙ্গে আগামী ৫ অক্টোবর অথবা আদালতের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মহুয়ার বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না বলেও জানানো হয়।
প্রসঙ্গত, গত ১ জুলাই নদিয়ায় একটি বিক্ষোভের মুখে পড়েন মহুয়া মৈত্র। অভিযোগ, সেই সময় তাঁকে লক্ষ্য করে ডিম ও পাথর ছোড়া হয়। ওই ঘটনার পর বোরখা প্রসঙ্গে তাঁর একটি মন্তব্যকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়। অভিযোগ ওঠে, ওই মন্তব্য ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে। এরপর নদিয়ার হোগলবেড়িয়া থানায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়। সেই মামলাতেই হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে এবার দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ।

