নিজস্ব প্রতিনিধি: বারুইপুরে ১২ বছরের নাবালিকাকে ধর্ষণ-খুনের ঘটনায় যখন উত্তাল গোটা রাজ্য, তখন উত্তর চব্বিশ পরগনা জেলার ভ্যাবলা স্টেশনে ঘটে গেল আরও এক দুঃসাহসিক ঘটনা। খাবারের প্রলোভন দেখিয়ে নাবালিকাকে অপহরণের চেষ্টার অভিযোগে চরম গণধোলাইয়ের শিকার এক যুবক। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
ঘটনাটি ঘটেছে, গতকাল সোমবার (৬ জুলাই) ঠিক সন্ধ্যায় হাসনাবাদের ভ্যাবলা স্টেশনে।
সূত্রের খবর, ভ্যাবলায় মেয়েটির মামাবাড়ি। মায়ের সঙ্গে মামারবাড়িতে গিয়েছিল সে। তাঁর বাড়ি কাঁকড়ামীরজা নগরে। গতকাল সে সেখান থেকে মায়ের সঙ্গে বাড়ি ফিরছিল। ট্রেন আসার আগে ভ্যাবলা স্টেশনে মেয়েকে বসিয়ে কিছু কাজে বাইরে যান তাঁর মা। অভিযোগ, সেই সময়েই বিশ্বনাথ ঘোষ নামে ওই যুবক নাবালিকার পাশে এসে বসে। এরপর তাঁর সঙ্গে কথা বলতে শুরু করে। কথাবার্তার পর যুবক ওই নাবালিকাকে খাবারের প্রলোভন দেখিয়ে স্টেশন থেকে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিছুদূর যাওয়ার পরে নাবালিকার সন্দেহ হয় যুবকটির আচরণে এবং সে চিৎকার করে ওঠে। তখন ওই যুবক বিশ্বনাথ জোর করে ওই নাবালিকার হাত ধরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে।
যা দেখেই স্টেশনে উপস্থিত সাধারণ মানুষ এবং যাত্রীরা সকলেই ওই যুবককে তাড়া করে ধরে ফেলে। এরপরেই তাঁকে উত্তেজিত জনতা তাঁকে মারধর শুরু করে। তারপর তাঁকে স্টেশনের টিকিট কাউন্টারে আটকে রাখে। এরপর খবর পেয়ে বসিরহাট থানার পুলিশ ছুটে আসে। আর জিজ্ঞাসাবাদে তাঁর কথায় অসঙ্গতি দেখে যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এই ঘটনার একটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এমনিতেই ১২ বছরের নাবালিকাকে ধর্ষণ-খুনের ঘটনায় উত্তাল বারুইপুর। যে ঘটনায় এখনও পর্যন্ত ৫ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় রীতিমতো নড়েচড়ে বসেছে প্রশাসনও। দোষীদের কঠোর থেকে কঠোরতম সাজা দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার মধ্যে এই ঘটনা আবারও উত্তেজনা পরিবেশের সৃষ্টি করল।

