নিজস্ব প্রতিনিধি: রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক নেতাদের লক্ষ্য করে ডিম ছোঁড়ার ঘটনা যেন থামছেই না। এবার সেই তালিকায় যোগ হল সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের নাম। আজ অর্থাৎ মঙ্গলবার সকালে কোচবিহারের শীতলকুচিতে তাঁর গাড়িকে লক্ষ্য করে একের পর এক ডিম ছোঁড়ার অভিযোগ উঠেছে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, শীতলকুচিতে এক মৃত সিপিএম কর্মীর পরিবারের সঙ্গে দেখা করে ফেরার সময়ই মীনাক্ষীর কনভয়ের উপর এই হামলা চালানো হয়। আচমকা ডিম ছোড়ায় কিছুক্ষণের জন্য বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। যদিও নিরাপত্তারক্ষীরা দ্রুত পরিস্থিতি সামাল দেন।
ঘটনার পর নিজেই একটি ভিডিও বার্তা প্রকাশ করেন মীনাক্ষী মুখোপাধ্যায়। সেখানে তিনি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানান। তাঁর বক্তব্য, আগে দোষীদের চিহ্নিত করে গ্রেফতার করা হোক, তারপর অন্য বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, একজন রাজনৈতিক কর্মী হিসেবে রাস্তায় বেরিয়ে মানুষের সঙ্গে দেখা করাও কি এখন অপরাধ হয়ে দাঁড়িয়েছে? বারবার তিনি দ্রুত গ্রেফতারির দাবি তুলেছেন। প্রয়োজনে নিজের রেকর্ড করা ভিডিও তিনি প্রমাণের জন্য পুলিশের হাতে তুলে দেবেন বলেও জানান। তবে এই নিয়ে বিজেপির তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
আরও পড়ুন: অনুমতি দেয়নি পুলিশ, মিছিল করতে চেয়ে হাই কোর্টের দ্বারস্থ মমতা
এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। বিরোধী শিবিরের অভিযোগ, রাজনৈতিক মতপার্থক্যকে কেন্দ্র করে এই ধরনের হামলার ঘটনা গণতান্ত্রিক পরিবেশের পক্ষে উদ্বেগজনক। অন্যদিকে, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং কারা এই ঘটনার সঙ্গে জড়িত , তা খতিয়ে দেখা হচ্ছে।

