Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ক্যান্সারের কাছে হার মানলেন 'গজিনি' অভিনেতা প্রদীপ রাওয়াত

ক্যান্সারের কাছে হার মানলেন 'গজিনি' অভিনেতা প্রদীপ রাওয়াত

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে শেষ পর্যন্ত হার মানলেন 'গজিনি' ও 'লগান' ছবি খ্যাত অভিনেতা প্রদীপ রাম সিংহ রাওয়াত। আজ মঙ্গলবার (৪ অগস্ট) সন্ধ্যায় মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে চিকি‍ৎসাধীন অবস্থায় চিকি‍ৎসকদের যাবতীয় চেষ্টা ব্যর্থ করে দিয়ে অমৃতলোকের উদ্দেশে রওনা করেছেন।

মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৪ বছর। রেখে গিয়েছেন স্ত্রী কল্যাণী রাওয়াত ও দুই সন্তানকে। অভিনেতা যশপাল শর্মা সমাজমাধ্যমে সতীর্থের প্রয়াণ সংবাদ জানিয়েছেন। প্রদীপ সিংহ রাওয়াতের প্রয়াণ সংবাদে শিল্পীমহলে শোকের ছায়া নেমে এসেছে।

১৯৫২ সালের ২১ জানুয়ারি মধ্যপ্রদেশের জব্বলপুরে জন্মগ্রহণ করেছিলেন প্রদীপ রাম সিংহ রাওয়াত। ছোট থেকেই অভিনয়ের প্রতি আকৃষ্ট হন। বড় হয়ে অভিনয়কেই পেশা হিসেবে বেছে নিয়েছিলেন। দূরদর্শনে প্রচারিত বিআর চোপড়ার মেগা সিরিয়াল 'মহাভারত'-এ অশ্বত্থামার চরিত্রে অভিনয় করেছিলেন। ১৯৮৫ সালে হিন্দি ছবি 'আতিবার'-এ পুলিশ ইন্সপেক্টরের চরিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউডে পা রাখেন। হিন্দির পাশাপাশি তেলুগু, তামিল, কন্নড় ও মালয়ালম ছবিতেও অভিনয় করেছিলেন। বলা যেতে পারে, তিনি ছিলেন এক পরিচিত মুখ। ২০০৫ সালে তামিল চলচ্চিত্র 'গজিনি'-তে এক ভয়ঙ্কর খলনায়কের চরিত্রে অভিনয়ের সুবাদে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। তাঁর অভিনয় এতটাই সমাদৃত হয়েছিল যে, ২০০৮ সালে ছবিটির হিন্দি পুনর্নির্মাণেও আমির খানের বিপরীতে একই চরিত্রে অভিনয়ের জন্য তাঁকে পুনরায় নেওয়া হয়েছিল।

২০০১ সালে আশুতোষ গোওয়ারিকরের দেশপ্রেমের ছবি 'লগান'-এ আমির খানের সঙ্গে অভিনয় করেছিলেন প্রদীপ রাওয়াত। ছবিতে তাঁর অভিনীত চরিত্রের নাম ছিল দেবী সিংহ সোধি। ২০০৪ সালে তেলুগু ছবি 'সি'-তে খলনায়কের চরিত্রে দুর্দান্ত অভিনয়ের জন্য ফিল্মফেয়ার-সহ একাধিক পুরস্কারও পেয়েছিলেন।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ei Muhurte