নিজস্ব প্রতিনিধি: লাড্ডু ভাল নয়। বহুদিনের লাড্ডুর প্যাকেট বিক্রি করছে এক নামি প্রসিদ্ধ মিষ্টির দোকান থেকে। মেয়াদ উত্তীর্ণ ও ছত্রাক পড়া লাড্ডু খেয়ে অসুস্থ একজন। বসিরহাট নতুন বাজারে হলদিরামের ফ্রাঞ্চাইজি দোকানের সামনে উত্তেজনা ছড়াল সেই ঘটনাকে কেন্দ্র করে। ভাঙচুরও চালানো হল দোকানটিতে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ।
বিজেপির তরফ থেকে এই প্রতিবাদ-বিক্ষোভ করা হয়। খবর দেওয়া হয় খাদ্য সুরক্ষা দফতরেও। বিজয় দশমী উপলক্ষ্যে লাড্ডু বিতরণ করার জন্যে হাড়োয়া বিজেপির তরফ থেকে আট পেটি লাড্ডু নেওয়া হয় ওই দোকান থেকে। হাড়োয়া এলাকায় সেই লাড্ডুর প্যাকেট খুলে মিষ্টি বিতরণ করার সময় দেখা যায় তাতে ছত্রাক পড়ে রয়েছে। প্যাকেট ভাল করে চেক করতেই নজরে আসে সেটি মেয়াদ উত্তীর্ণ লাড্ডু। ততক্ষণে এক জন লাড্ডু খেয়ে অসুস্থ হয়ে পড়ে বলে বিজেপির অভিযোগ। তারপর বিজেপি নেতা-কর্মীরা হলদিরাম ফ্রাঞ্চাইজির দোকানে মালিকের কাছে জানতে চায় এই লাড্ডু কেন বিক্রি করছে।
আরও পডুন: কমেনি তৃণমূলের দাদাগিরি! দুর্গাপ্রতিমার বিসর্জনে বিজেপি কর্মীদের বেধড়ক মার, জখম ৩
ঘটনায় দোকানের সামনে উত্তেজনা ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। পরবর্তীতে দোকানের কাচ ভাঙচুর করে উত্তেজিত জনতা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ঘটনার জেরে কিছুক্ষণের জন্য ইটিন্ডা রোড টাউন এলাকায় যানজট তৈরি হয়। যদিও পরবর্তীতে পরিস্থিতি সবটাই স্বাভাবিক হয়ে যায়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাজ্যজুড়ে খাদ্য সুরক্ষা অভিযান চালিয়েছিল বিজেপি সরকার। পচা, বাসি ও মেয়াদউত্তীর্ণ খাবার বিক্রি বন্ধ করতে নির্দেশ দিয়েছিল রাজ্য সরকার। তারপরেও এই ঘটনা ঘটায় ক্ষুব্ধ স্থানীয়রা।

