নিজস্ব প্রতিনিধি: আসন্ন বিধানসভা নির্বাচনে সবথেকে বেশি আসন নিয়ে চতুর্থবার সরকার গঠন করতে বদ্ধপরিকর তৃণমূল কংগ্রেস। সেই কারণে কোমর বেঁধে জোরদার প্রচার চালাচ্ছে ঘাসফুল শিবির। কর্মী সমর্থক থেকে শুরু করে শীর্ষ নেতৃত্ব সকলেই প্রচারে এখন ব্যস্ত। উত্তর থেকে দক্ষিণ ছুটে বেড়াচ্ছেন তৃণমূল সুপ্রিম ও মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
থেমে নেই বিজেপিও। তারাও প্রচার সারছে।
বৃহস্পতিবার বঙ্গে আসছেন মোদি। এদিন তিনটি জনসভা রয়েছে তাঁর। মমতা বন্দ্যোপাধ্যায়ও এইদিন চারটি জনসভা ও একটি পদযাত্রা করবেন। অন্যদিকে এই দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুটি নির্বাচনী পর্যালোচনা বৈঠক রয়েছে। সকাল থেকে রাজ্যের সর্বত্র ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। তারমধ্যেই রয়েছে তিন জনের একাধিক কর্মসূচি। আবহাওয়ার কারণে হলদিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভার সময় পরিবর্তিত হয়েছে ১০টার পরিবর্তে হবে ১১টায়। দ্বিতীয় সভা হবে আসানসোলের পোলো গ্রাউন্ডে। তৃতীয় জনসভা হবে সিউড়ির চাঁদমারি মাঠে। গত ৫ এপ্রিল প্রথম নির্বাচনী জনসভা করেছেন কোচবিহারে। নির্বাচনের আগে দ্বিতীয়বার রাজ্যে আসছেন মোদি।
সূত্রের খবর, মিনাখাঁ বিধানসভা কেন্দ্রের প্রার্থীর হয়ে প্রচার রয়েছে দলনেত্রীর। সেখানে প্রচার সেরে নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী, পানিহাটির বিধানসভা কেন্দ্রের প্রার্থী, রাজারহাট গোপালপুর ও বিধাননগর বিধানসভা কেন্দ্রের প্রার্থীর হয়ে প্রচার করবেন তিনি। সময় কম থাকায় একদিন একসঙ্গে ঝোড়ো জনসভা সারছেন তিনি। পাশাপাশি বরানগর বিধানসভা কেন্দ্রের প্রার্থীর সমর্থনে পদযাত্রা করবেন তিনি। বিরোধীদের এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ শাসক শিবির। পাশাপাশি এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা নেই। কিন্তু নির্বাচনী পর্যালোচনা বৈঠকে অংশ নেবেন তিনি। মেদিনীপুর সাংগঠনিক জেলা ও ঘাটাল সাংগঠনিক জেলায় পর্যলোচনা বৈঠকে বসবেন তিনি। একে অপরকে টক্কর দিতে প্রস্তুত সকলেই। লক্ষ্মীবারে বঙ্গ রাজনীতিতে জোর টক্কর।

