Dailyhunt
লোকাল ট্রেনেই মিলল 'ফ্লাইট'-এর আমেজ! ইনফ্লুয়েন্সারের 'এয়ার হোস্টেস' হওয়ার ভিডিও ভাইরাল

লোকাল ট্রেনেই মিলল 'ফ্লাইট'-এর আমেজ! ইনফ্লুয়েন্সারের 'এয়ার হোস্টেস' হওয়ার ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিনিধি: মুম্বই লোকাল ট্রেন মানেই ভিড়, ব্যস্ততা আর প্রতিদিনের ছুটে চলা জীবন। কিন্তু সেই চেনা যাত্রাপথেই হঠাৎ যদি দেখা যায় একজন 'এয়ার হোস্টেস' যাত্রীদের উদ্দেশে ঘোষণা করছেন, তাহলে অবাক হওয়াই স্বাভাবিক। ঠিক এমনই এক মজার ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে এক কনটেন্ট ক্রিয়েটর অভিনব চ্যালেঞ্জ গ্রহণ করে সাধারণ ট্রেনযাত্রাকে পরিণত করেছেন ছোট্ট এক বিনোদনের মঞ্চে।

ইনস্টাগ্রাম কনটেন্ট ক্রিয়েটর প্রণয় জোশী তাঁর ফলোয়ারদের দেওয়া একটি মজার চ্যালেঞ্জ গ্রহণ করেন। তাঁকে বলা হয়েছিল, মুম্বই লোকাল ট্রেনে এয়ার হোস্টেস সেজে যাত্রীদের উদ্দেশে ঘোষণা করতে। সেই চ্যালেঞ্জকে বাস্তবে রূপ দিতে তিনি একটি লাল রঙের ইউনিফর্ম ভাড়া করেন। পোশাকের সঙ্গে ছিল কোট, স্কার্ট, সাদা মোজা ও জুতো-সব মিলিয়ে যেন সত্যিকারের কেবিন ক্রুর সাজ। ট্রেনে ওঠার আগেই তিনি মজার ছলে বলেন, তিনি পুরুষদের কোচে উঠবেন নাকি মহিলাদের কোচে, সেই সিদ্ধান্তই নিতে পারছেন না। ট্রেনে প্রবেশ করার পর তাঁর পোশাক দ্রুতই যাত্রীদের দৃষ্টি আকর্ষণ করে। অনেকে অবাক হয়ে তাকিয়ে থাকেন, আবার কেউ মোবাইল বের করে মুহূর্তটি রেকর্ড করতে শুরু করেন।

আরও পড়ুন: ভাইরাল চিনা বিড়ালের মৃত্যুতে ক্ষতিপূরণ ৪২ লক্ষ! ১,১০০টি পথবিড়ালকে বিনামূল্যে চিকিৎসার প্রতিশ্রুতি হাসপাতালের

এরপর ভিড়ের মাঝখানে দাঁড়িয়ে তিনি বিমান সংস্থার ধাঁচে ঘোষণা শুরু করেন। মজার ছলে তিনি বলেন, "যাঁরা সিট পেয়েছেন তাঁরা অহংকার কম রাখুন, আর যাঁরা দাঁড়িয়ে আছেন তাঁরা পরের স্টেশনের জন্য অপেক্ষা করুন।" তাঁর কথায় যাত্রীদের মধ্যে হাসির রোল পড়ে যায়। আরও কয়েকটি ব্যঙ্গাত্মক ও মজার ঘোষণা করে তিনি পুরো পরিবেশকে প্রাণবন্ত করে তোলেন। দৈনন্দিন যাত্রার একঘেয়েমির মধ্যে এই অভিনব পারফরম্যান্স অনেকের মুখে হাসি এনে দেয়। শেষ পর্যন্ত যাত্রীরা হাততালির মাধ্যমে তাঁর অভিনয়কে স্বাগত জানান।

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর নানা প্রতিক্রিয়া দেখা গিয়েছে। কেউ এটিকে নিছক বিনোদন হিসেবে দেখেছেন, আবার কেউ জনসমাগমে এমন পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলেছেন। তবুও বলা যায়, কয়েক মিনিটের এই অভিনব উদ্যোগ সাধারণ ট্রেনযাত্রাকে এক অন্যরকম অভিজ্ঞতায় বদলে দিয়েছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ei Muhurte