Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
'মহারাজ' সৌরভের জেড ক্যাটেগরির নিরাপত্তা প্রত্যাহার রাজ্য সরকারের

'মহারাজ' সৌরভের জেড ক্যাটেগরির নিরাপত্তা প্রত্যাহার রাজ্য সরকারের

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে ক্ষমতায় এসেই একের পর এক ভিভিআইপি-দের নিরাপত্তা কাটছাঁট করছে বিজেপি সরকার। এবার কোপ পড়ল সৌরভ গঙ্গোপাধ্যায়ের নিরাপত্তা বহরে। এত দিন 'জেড ক্যাটেগরি'র নিরাপত্তা পেতেন তিনি। কিন্তু আর সেই নিরাপত্তা বহর থাকছে না ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভের।

এবার থেকে তিনি ‘ওয়াই’ ক্যাটেগরি’র নিরাপত্তা পাবেন বলে জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে। অর্থাৎ সিএবি সভাপতির নিরাপত্তা কাঠামো আরও দুই ধাপ নেমে যাচ্ছে। যদিও এই বিষয়ে এখনও মুখ খোলেননি ‘দাদা’ সৌরভ গঙ্গোপাধ্যায়।

সাধারণত ‘জেড ক্যাটেগরি’র নিরাপত্তা বলয়ে থাকেন অন্তত ৩৫ জন অফিসার। দায়িত্বে থাকেন রাজ্য পুলিশের কমান্ড, পাশাপাশি থাকে পাইলট কারও। কিন্তু ‘ওয়াই ক্যাটেগরি’তে তিন থেকে চার জন নিরাপত্তার দায়িত্বে থাকেন। তাঁদের মধ্যে দুই জন থাকেন নিরাপত্তাকর্মী। অর্থাৎ এই নিরাপত্তা পরিকাঠামো অনেকটাই নিচে ‘জেড ক্যাটেগরি’র তুলনায়। এবার সেই ‘জেড ক্যাটেগরি’র নিরাপত্তা তুলে দেওয়া হল সৌরভ গঙ্গোপাধ্যায়ের। পালাবদলের পর থেকেই রাজ্যের বিভিন্ন নেতানেত্রী থেকে শুরু করে বিশিষ্টজনেদের নিরাপত্তা নিয়ে পর্যালোচনা চলছে। রাজ্যে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরেই একের পর এক চমক দেখাচ্ছেন শুভেন্দু অধিকারী। VVIP-দের নিরাপত্তা নিয়ে নবান্নে বৈঠকে তিনি স্পষ্ট বার্তা দিয়েছিলেন যে, কোনও রাজনৈতিক ব্যাক্তির যদি প্রকৃত নিরাপত্তা ঝুঁকি না থাকে, তবে তাঁকে বাড়তি তথা অপ্রয়োজনীয় নিরাপত্তা দেওয়া হবে না। এমনকী এও জানা গিয়েছিল যে, রাজনীতিক ছাড়া যাঁরা রাজ্য সরকারের বিশেষ নিরাপত্তা পেতেন, তাতেও কাটছাঁট করা হবে। সেই নিয়েও পর্যালোচনা শুরু করেছে পুলিশ। যার ফলে প্রথমেই কোপ পড়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা বলয়ে। সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়, তিনি যে বাড়তি নিরাপত্তা পেতেন তা প্রত্যাহার করা হচ্ছে। এবার থেকে একজন সাংসদ হিসাবে তাঁর প্রাপ্য নিরাপত্তাই পাবেন তিনি।

আরও পড়ুনঃ পুজোর আগে কলকাতা পুলিশে ৪ হাজার নতুন কনস্টেবল নিয়োগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

তার পরে একে একে অনেক তৃণমূল নেতা, প্রাক্তন পুলিশ আধিকারিকদের নিরাপত্তায় কাটছাঁট করে শুভেন্দুর সরকার। এবার সেই তালিকায় নাম জুড়ল সৌরভের। ২০২৩ সালের মে পর্যন্ত তিনি ‘ওয়াই ক্যাটেগরি’র নিরাপত্তা পেতেন। তাঁর নিরাপত্তার দায়িত্বে ছিলেন কলকাতা পুলিশের স্পেশ্যাল ব্রাঞ্চের তিনজন আধিকারিক। তাঁর বাড়ির নিরাপত্তাতেও পুলিশকর্মীরা নিযুক্ত থাকতেন। কিন্তু ২০২৩ সালের মে মাসে সৌরভের নিরাপত্তা ‘জেড ক্যাটেগরি’তে উন্নীত করে তৎকালীন তৃণমূল সরকার। যেখানে সৌরভের নিরাপত্তায় ৮ থেকে ১০ জন পুলিশকর্মী দায়িত্বে ছিলেন। তাঁর বাড়িও নিরাপত্তার চাদরে মুড়ে থাকত।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ei Muhurte