নিজস্ব প্রতিনিধি: আসন্ন কুম্ভ মেলাকে সামনে রেখে বড়সড় সিদ্ধান্ত নিল হরিদ্বার পুরসভা। শহরের ধর্মীয় পবিত্রতা বজায় রাখতে হরিদ্বার থেকে সমস্ত মাংসের দোকান সরিয়ে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। পুরসভার তরফে জানানো হয়েছে, লাইসেন্সপ্রাপ্ত ও অবৈধ দুই ধরনের দোকানই স্থানান্তরিত করা হবে নিকটবর্তী সরাই গ্রামে।
মেয়র কিরণ জয়সওয়াল জানিয়েছেন, এই উদ্দেশ্যে ইতিমধ্যেই সরাই এলাকায় ৫৭টি নতুন দোকান তৈরি করা হয়েছে। দেশ-বিদেশ থেকে আসা ভক্তদের ধর্মীয় অনুভূতির কথা মাথায় রেখেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্যদিকে, পৌর কমিশনার নন্দন কুমার জানিয়েছেন, পুরনো উপবিধি অনুযায়ী হর কি পাউরির ৫ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে মাংস, মদ ও ডিম বিক্রি আগেই নিষিদ্ধ ছিল। এবার সেই নিষেধাজ্ঞা গোটা শহর জুড়েই কার্যকর করা হবে।
আরও পড়ুন: বিয়ের রাত থেকেই দুরত্ব! সঙ্গমে অনিচ্ছা, স্বামীর আসল রূপ জানার পর স্তম্ভিত স্ত্রী
প্রশাসনের দাবি, এই পদক্ষেপের ফলে মেলার সময় শহরের পরিবেশ আরও নিয়ন্ত্রিত ও ধর্মীয় ভাবধারার উপযোগী হবে। পাশাপাশি, মাংসের ব্যবসায়ীদের বিকল্প জায়গা দেওয়ায় তাঁদের ব্যবসাতেও বড় প্রভাব পড়বে না বলে মনে করা হচ্ছে। তবে এই সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। কংগ্রেস নেতা আমান গার্গ প্রশ্ন তুলেছেন, শুধুমাত্র মাংসের দোকান সরালেই কি ধর্মীয় অনুভূতি রক্ষা সম্ভব? তাঁর মতে, মদ ও ডিম বিক্রির উপরও সমানভাবে কঠোর নিষেধাজ্ঞা কার্যকর করা উচিত। এছাড়াও, পরিবেশ রক্ষার বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। মেলার সময় প্লাস্টিক ব্যবহারে নিষেধাজ্ঞা জারি হতে পারে এবং বর্জ্য ব্যবস্থাপনার জন্য বিশেষ পরিকল্পনা নেওয়া হচ্ছে।

