নিজস্ব প্রতিনিধিঃ দিদির সঙ্গে সাইকেলে চেপে পাড়া ঘুরতে বেরিয়েছিল ১৪ মাসের আকিফা। চোখে -মুখে ছিল নিষ্পাপ হাসি। কিন্তু সেই হাসি মুহূর্তের মধ্যেই স্তব্ধ হয়ে গেল এক মর্মান্তিক দুর্ঘটনায়। রাস্তার ধারে তালগাছ থেকে খসে পড়া একটি তাল কেড়ে নিল একরত্তির প্রাণ।
ঘটনাটি ঘটেছে হাওড়ার আমতায়।
মৃত শিশুর নাম, আকিফা সুলতানা। পরিবার সূত্রে জানা গিয়েছে, দিদির সঙ্গে তিন চাকার সাইকেলে চেপে বাড়ির কাছেই ঘুরতে বেরিয়েছিল আকিফা। সেই সময় রাস্তার পাশের একটি তালগাছ থেকে আচমকাই একটি তাল খসে তার মাথায় পড়ে। প্রবল আঘাতে সঙ্গে সঙ্গেই নাক-মুখ দিয়ে রক্তক্ষরণ শুরু হয়। পরিবারের সদস্যরা আর দেরি না করে শিশুটিকে নিয়ে যান আমতা জয়পুরের বি বি ধর গ্রামীণ হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আইসিইউ-তে চিকিৎসাধীন অবস্থায় গদীর রাতে মৃত্যু হয় ১৪ মাসের ওই শিশুর। ছোট্ট আকিফার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। বাড়ির এক কোণে পড়ে রয়েছে তার প্রিয় তিন চাকার সাইকেল, কিন্তু আর কোনোদিন তাতে চেপে বেড়াতে দেখা যাবে না তাকে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তালগাছটি দীর্ঘদিন ধরেই বিপজ্জনকভাবে রাস্তার ওপর ঝুঁকে ছিল। গাছটি কেটে ফেলার দাবি জানানো হলেও তাতে কর্ণপাত করা হয়নি। এই মর্মান্তিক ঘটনার পর প্রশাসনের উদ্যোগে গাছটি কেটে ফেলা হয়েছে। পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

