নিজস্ব প্রতিনিধি, তালদি : ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে নাম। সাপ্লিমেন্টারি তালিকাতে নাম নেই। তাই নতুন করে নিজেকে দেশের নাগরিক প্রমাণ করতে SIR-র ট্রাইবুনালে আবেদন জমা দিতে যাওয়ার আগেই মর্মান্তিক দুর্ঘটনা। প্রাণ হারালেন এক টোটো চালক। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়।
মৃতের নাম পঞ্চা সরদার(৫২) (Poncha Sarder)। দক্ষিণ ২৪ পরগনার হেদিয়াখালি গ্রামের বাসিন্দা তিনি।
জানা গিয়েছে, জীবনতলা থানা এলাকার পঞ্চা সরদার পেশায় টোটো চালক। এদিন সকালে টোটো নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন পাঁচজন। তাঁরা ট্রাইব্যুনালে ফর্ম জমা দেওয়ার জন্য মহকুমায় যাওয়ার কথা ছিল। সেখানে পৌঁছোবার আগেই তালদি সংলগ্ন এলাকায় টোটোতে একটি গাড়ি ধাক্কা মেরে পালিয়ে যায়। গুরুতর জখম হয় ওই টোটো চালক। তাঁর চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসে। বাকিরাও আহত হন। তড়িঘড়ি দুর্ঘটনাগ্রস্ত টোটোচালককে উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসা চলাকালিন ওই টোটো চালকের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ক্যানিং থানার পুলিশ। দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। অন্যদিকে এমন দুর্ঘটনার খবর হেদিয়াখালি গ্রামে পৌঁছালে শোকে কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন।
তাঁদের অভিযোগ, চূড়ান্ত তালিকা থেকে বাদ গিয়েছে নাম। চিন্তায় ছিলেন ওই টোটো চালক। ট্রাইব্যুনালে আবেদন করার জন্য আরো কয়েকজনকে নিয়ে যাচ্ছিলেন মহকুমা অফিসে যাওয়ার আগেই বিপত্তি। দুর্ঘটনার জেরে মৃত্যু হল ওই টোটো চালকের। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।

