নিজস্ব প্রতিনিধি: মাসের প্রথম দিনেই বড় ধাক্কা। ফের বাড়ল গ্যাসের দাম। আজ অর্থাৎ ১ সেপ্টেম্বর থেকে ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ৯ টাকা ৫০ পয়সা বাড়ানো হয়েছে। তবে সাধারণ গৃহস্থের ব্যবহারের ১৪.২ কেজির রান্নার গ্যাসের দামে কোনও পরিবর্তন করা হয়নি। ফলে ব্যবসা-বাণিজ্যে ব্যবহৃত রান্নার গ্যাসের খরচ ফের বাড়ল, যা উৎসবের মরশুমের আগে বাড়তি চাপ তৈরি করতে পারে।
কলকাতায় কত হল বাণিজ্যিক LPG-এর দাম?
নতুন দামে দেশের বিভিন্ন জায়গায় বাণিজ্যিক LPG সিলিন্ডারের দাম সামান্য বেড়েছে। দিল্লিতে ১৯ কেজি সিলিন্ডারের নতুন দাম হয়েছে ২ হাজার ৭৪৭ টাকা ৫ পয়সা। মুম্বইয়ে একই সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে ২ হাজার ৭০১ টাকা। তবে চার মেট্রো শহরের মধ্যে কলকাতায় বাণিজ্যিক LPG-এর দাম তুলনামূলক বেশি। দাম বৃদ্ধির পর শহরে ১৯ কেজির সিলিন্ডার কিনতে খরচ হবে ২ হাজার ৮৮৪ টাকা। গত দু'মাসে বাণিজ্যিক LPG-এর দাম কমেছিল। ফলে ব্যবসায়ীদের জন্য কিছুটা স্বস্তি তৈরি হয়েছিল। কিন্তু সেপ্টেম্বরের শুরুতেই ফের দাম বাড়ায় রেস্তরাঁ, হোটেল, খাবারের দোকান-সহ বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলির রান্নার খরচ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
আন্তর্জাতিক পরিস্থিতিও এবার জ্বালানির বাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের কারণে আমদানি করা LPG-র সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে দেশে পর্যাপ্ত LPG মজুত ও সরবরাহ বজায় রাখতে দেশীয় উৎপাদন বাড়ানোর উপর জোর দিচ্ছে কেন্দ্র। দেশের অভ্যন্তরে LPG উৎপাদন বাড়িয়ে একটি নির্দিষ্ট 'সাপ্লাই বাফার' তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সেই উদ্দেশ্যে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক গত ১৩ অগস্ট একটি নির্দেশিকা জারি করে। ওই নির্দেশিকায় ২১ টি রিফাইনারি ও ও LPG উৎপাদনকারী সংস্থার উৎপাদনের সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছে। সব মিলিয়ে সংস্থাগুলির দৈনিক LPG উৎপাদনের লক্ষ্যমাত্রা ৬৩ হাজার ৮১০ টন করা হয়েছে।
মুম্বইয়ে LPG-এর পাশাপাশি বাড়ল CNG-ও
শুধু রান্নার গ্যাস নয়, প্রাকৃতিক গ্যাসের ক্ষেত্রেও দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে মুম্বইয়ে। মহানগর গ্যাস লিমিটেড বা MGL জানিয়েছে, ১ সেপ্টেম্বর থেকে শহরে CNG এবং গৃহস্থালির PNG-এর দাম সংশোধন করা হয়েছে। সংস্থার বক্তব্য, মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার জেরে আন্তর্জাতিক বাজারের সঙ্গে যুক্ত ইনপুট গ্যাসের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সেই কারণেই CNG-র দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন CNG ও PNG-র দাম কত?
১ সেপ্টেম্বর থেকে মুম্বইয়ে CNG-এর দাম প্রতি কেজিতে ২ টাকা বাড়ানো হয়েছে। ফলে নতুন দাম হয়েছে প্রতি কেজি ৮৮ টাকা। অন্যদিকে, বাড়িতে পাইপলাইনের মাধ্যমে সরবরাহ করা প্রাকৃতিক গ্যাস অর্থাৎ PNG-এর দামও প্রতি SCM-এ ১ টাকা বাড়ানো হয়েছে। অর্থাৎ সেপ্টেম্বরের শুরুতেই বাণিজ্যিক LPG-এর পাশাপাশি মুম্বইয়ের CNG ও PNG ব্যবহারকারীদেরও বাড়তি খরচের মুখে পড়তে হল। তবে গৃহস্থের ব্যবহারের LPG সিলিন্ডারের দাম আপাতত অপরিবর্তিত রয়েছে।

