নিজস্ব প্রতিনিধিঃ প্রায় ছ'মাস ধরে নিখোঁজ মেয়ে। পুলিশের কাছে অভিযোগ জানিয়েও মেলেনি সন্ধান। মেয়ের ছবি-সহ প্ল্যাকার্ড হাতে কখনও বীরভূমের এ প্রান্ত থেকে ও প্রান্তে, কখনও আবার জেলার বাইরে ছুটে বেড়িয়েছেন বাবা। তাতেও মেলেনি কোনও সূত্র। শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর কাছে মেয়েকে খুঁজে দেওয়ার আর্জি জানাতে তারাপীঠে হাজির হলেন অর্ধেন্দু সিংহ।
জানা গিয়েছে, গত ১৩ মার্চ থেকে নিখোঁজ অর্ধেন্দুবাবুর মেয়ে অমৃতা সিংহ। মেয়ের নিখোঁজ হওয়ার পর সিউড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করে পরিবার। তদন্তে নামে পুলিশ। পরে সিআইডিরও সহযোগিতা নেওয়া হয়। কিন্তু এত দিন কেটে গেলেও অমৃতার কোনও সন্ধান মেলেনি। দিন যত গড়িয়েছে, ততই বেড়েছে পরিবারের উদ্বেগ। মেয়ের খোঁজে অর্ধেন্দুবাবু ইতিমধ্যেই বীরভূমের বিভিন্ন এলাকা ঘুরেছেন। হাতে মেয়ের ছবি-সহ প্ল্যাকার্ড নিয়ে রাজ্যের একাধিক জায়গাতেও গিয়েছেন। এমনকি মায়াপুরেও পৌঁছেছিলেন তিনি। ইসকন মন্দির-সহ বিভিন্ন জায়গায় ঘুরে সাধারণ মানুষের কাছে মেয়ের ছবি দেখিয়ে তাঁর সম্পর্কে কোনও তথ্য রয়েছে কি না, তা জানার চেষ্টা করেছেন। কিন্তু কোথাও মেলেনি আশার খবর।
অর্ধেন্দুবাবুর কথায়, ‘গত প্রায় ছ'মাস ধরে মেয়ে নিখোঁজ। কোথায় গিয়েছে, কী করছে, কিছুই জানা যায়নি। পুলিশের কাছে বার বার গিয়েছি। সেভাবে সাহায্য পাইনি। মুখ্যমন্ত্রীর জনতার দরবারে যাওয়ার চেষ্টা করেও পারিনি। ঘরে স্ত্রী অসুস্থ। আমি মেয়ের খোঁজে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি।’ মুখ্যমন্ত্রী তারাপীঠে আসবেন শুনেই সেখানে ছুটে এসেছেন তিনি। শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করে হাতে তুলে দিতে চান একটি চিঠি। একটাই আবেদন -মেয়েকে খুঁজে দিন।

