আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে ফের বড় জঙ্গি হামলা। বালোচ লিবারেশন আর্মি (বিএলএ) দাবি করেছে যে, তাদের যোদ্ধারা গোয়াদার জেলার জিওয়ানি এলাকায় পাকিস্তান কোস্ট গার্ডের একটি ক্যাম্পে আত্মঘাতী হামলা চালিয়েছে। সংগঠনের দাবি, এই হামলায় ৩০ জনেরও বেশি পাক সেনা নিহত হয়েছে এবং আরও অনেকে আহত হয়েছেন।
এক বিবৃতিতে বিদ্রোহী গোষ্ঠীটি বলেছে, গত ৩ জুলাই সন্ধ্যা ৬:৩২ মিনিটে এই হামলাটি চালানো হয়। বিস্ফোরকবোঝাই একটি ট্রাক গিয়ে ধাক্কা মারে পাক বাহিনীর শিবিরে। সেটাই বিস্ফোরণ ঘটায়। বিএলএ-র মতে, শক্তিশালী বিস্ফোরণে পাকিস্তান কোস্ট গার্ডের ক্যাম্প ধ্বংসস্তূপে পরিণত হয়। এখানেই শেষ নয়, পরেও বালোচ বিদ্রোহীরা সেনা শিবিরে ঢুকে সামনে থেকে অভিযান চালান। মৃত্যুর পাশাপাশি অনেকে গুরুতর জখম হয়েছেন। বিএলএ-র বিবৃতিতে দাবি করা হয়েছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। তবে এই হামলার বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি।
আরও পড়ুনঃ খামেনেইয়ের বিদায় অনুষ্ঠানে শোকস্তব্ধ ইরান, আবেগে ভাসলেন ইরানের স্পিকার ও বিদেশমন্ত্রী
প্রসঙ্গত, গওয়াদর জেলা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিনের সহায়তায় নির্মিত গভীর সমুদ্রবন্দরকে ঘিরে এই এলাকা দীর্ঘদিন ধরেই নিরাপত্তার দিক থেকে সংবেদনশীল। বালুচিস্তানে বহু বছর ধরে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চলছে এবং BLA নিয়মিত পাকিস্তানের সেনা, আধাসামরিক বাহিনী ও সরকারি স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। উল্লেখ্য, পাকিস্তান-সহ একাধিক দেশ BLA-কে একটি সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে ঘোষণা করেছে। সাম্প্রতিক সময়ে বালুচিস্তানে জঙ্গি তৎপরতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যার ফলে ওই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

