নিজস্ব প্রতিনিধি: এবার বাংলায় ভোটপ্রচারে পা রাখলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। আজ, মঙ্গলবার (৭ এপ্রিল) জেলা শাসকের দপ্তরে মনোয়নপত্র জমা করেন নোয়াপাড়ার বিজেপি প্রার্থী অর্জুন সিং। রীতিমত গান-বাজনা বাজিয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি। বিজেপির মনোনয়নে এসে কার্যত পাকিস্তানকে ধুয়ে দিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী।
শুধু তাই নয় ছেড়ে কথা বলেননি তৃণমূল কংগ্রেসকেও।
এদিন শাসকদলকে কটাক্ষের সুরে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী জনসভা থেকে বলেন, 'তৃণমূল যাবে, বিজেপি আসবে-বাংলা এবার পদ্মফুলই চায়।' সরাসরি মুখ্যমন্ত্রীকে নিশানা করে আরও বলেন, ‘তিনবার মুখ্যমন্ত্রী হয়েও রাজ্যের উন্নয়ন প্রত্যাশা পূরণ হয়নি। তাই বাংলার মানুষ এবার পরিবর্তন চায় এবং তৃণমূল সরকারের পতন সময়ের অপেক্ষা মাত্র। কারণ, রাজ্যে শিল্প ও বিনিয়োগে একমাত্র বাধা শাসকদলের দুর্নীতি। তৃণমূলের আমলে বিনিয়োগকারীরা রাজ্যে আসতে চাইছেন না। ফলে কাজের খোঁজে বাইরে যেতে বাধ্য হচ্ছেন বাংলার মানুষ।’
পাশাপাশি, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফের 'কলকাতায় হামলার' হুমকি নিয়ে এখনও চুপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই বিষয়ে এবার মুখ খুললেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এদিন বঙ্গে ভোটপ্রচারে এসে '৫৫ বছর আগের বিভাজনের প্রসঙ্গ টেনে তিনি সতর্ক করেন। তখন পাকিস্তান দু'ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল। ভারতের দিকে নজর দিলে তার পরিণতি ভয়াবহ হতে পারে। তাহলে এবার পাকিস্তান কত টুকরোয় ভাগ হবে, তা একমাত্র ঈশ্বরই জানেন।'

