Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
পঞ্চভূতে বিলীন কিংবদন্তি অভিনেতা প্রদীপ রাওয়াত, বাবার শেষকৃত্যে কান্নায় ভেঙে পড়লেন ছেলে বিক্রম

পঞ্চভূতে বিলীন কিংবদন্তি অভিনেতা প্রদীপ রাওয়াত, বাবার শেষকৃত্যে কান্নায় ভেঙে পড়লেন ছেলে বিক্রম

নিজস্ব প্রতিনিধি: বলিউডে ফের শোকের ছায়া! মারণরোগ ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে হার মানলেন প্রবীণ অভিনেতা প্রদীপ রাওয়াত। গতকাল মঙ্গলবার (৪ অগস্ট) রাতে তিনি মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। দীর্ঘদিন ব্লাড ক্যান্সারের সঙ্গে লড়াই করেছেন তিনি।

রোগ থেকে সুস্থও হয়ে উঠেছিলেন তিনি। কিন্তু বেশ কয়েক বছর সুস্থ থাকার পর রোগটি পুনরায় তাঁর শরীরে বাসা বাধে। কিন্তু এবার তিনি রোগকে আর জয় করতে পারলেন না। তাঁর মৃত্যুতে গোটা বলিউড শোকাহত। বুধবার (৫ অগস্ট) বিকেলে মুম্বইয়ে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। যেখানে তাঁর পরিবারের সদস্য, বন্ধুবান্ধব এবং চলচ্চিত্র জগতের সদস্যরা উপস্থিত হয়েছিলেন।

ইতিমধ্যেই অভিনেতার অন্ত্যেষ্টিক্রিয়ার বেশ কিছু আবেগঘন ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যা ভক্তদের হৃদয় ভেঙে দিয়েছে। একটি ভিডিওতে, অভিনেতার শেষকৃত্যের আচার-অনুষ্ঠান প্রবীণ পালন করার সময়ে তাঁর ছেলে বিক্রম রাওয়াতকে কান্নায় ভেঙে পড়তে দেখা গিয়েছে। আর একটি হৃদয়স্পর্শী দৃশ্যে, চিতা জ্বালানোর আগে বিক্রমকে শেষবারের মতো তাঁর বাবার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতে দেখা গিয়েছে। ভিডিওগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং অনুরাগীরা অভিনেতার পরিবারকে সমবেদনা জানাচ্ছেন।

প্রবীণ অভিনেতা মৃত্যুকালে তাঁর স্ত্রী কল্যাণী রাওয়াত ও পুত্র বিক্রমকে রেখে গিয়েছেন। চার দশকেরও বেশি সময় ধরে বলিউডে রাজ করেছেন তিনি। ১৯৫২ সালের ২১ জানুয়ারি মধ্যপ্রদেশে জন্মগ্রহণকারী প্রদীপ রাওয়াত 'মেরি জং' ছবির মাধ্যমে তাঁর অভিনয় জীবন শুরু করেছিলেন। পরবর্তীতে বি আর চোপড়ার জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক 'মহাভারত'-এ অশ্বত্থামার চরিত্রে অভিনয় করে তিনি ঘরে ঘরে পরিচিত হয়ে ওঠেন। চার দশক জুড়ে হিন্দি, তেলুগু, তামিল, কন্নড় এবং মালয়ালম চলচ্চিত্রে তিনি তাঁর অসাধারণ কর্মজীবন গড়ে তুলেছেন। সরফরোশ, লাগান, দ্য হিরো: লাভ স্টোরি অফ এ স্পাই, গজিনি, সিং ইজ ব্লিং, টাইগার জিন্দা হ্যায় এবং ছাভা-র মতো একাধিক ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করে বলিউডে নিজের জায়গা প্রতিষ্ঠা করেছিলেন তিনি।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ei Muhurte