নিজস্ব প্রতিনিধি: স্ত্রীর পরকীয়া নিয়ে অনেকদিন ধরেই সন্দিহান ছিলেন। কিন্তু হাতেনাতে প্রমাণ পাচ্ছিলেন না। অবশেষে অপেক্ষার অবসান। স্ত্রীকে অন্য পুরুষের স্কুটিতে চেপে যাওয়ার সময়েই হাতেনাতে পাকড়াও করলেন স্বামী। তার পরে 'সবক' শেখাতে প্রকাশ্য রাস্তায় বেল্ট খুলে দমাদম মারতে লাগলেন।
পথচলতি সাধারণ মানুষ ওই ঘটনা দেখে হতচকিত হয়ে পড়েন। স্ত্রীকে মারতে ব্যস্ত থাকা স্বামীকে না থামিয়ে অনেকেই মজা লুটতে ওই ঘটনার ভিডিও রেকর্ডিং করেন। ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে ওই ভিডিও। যদিও পুলিশের তরফে এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।
সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটির সঙ্গে ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী, ঘটনাটি মধ্যপ্রদেশের ইন্দোরের বিজয়নগরের। রাস্তাতে স্ত্রীকে অন্য এক পুরুষের সাথে 'অ্যাক্টিভা' স্কুটারে যেতে দেখে তাদের থামান স্বামী। তার পরে আচমকাই স্ত্রীকে বেল্ট খুলে শুরু করেন। স্বামীকে প্রথমে বোঝানোর চেষ্টা চালান স্ত্রী। তবে তাতে কোনও লাভ হয়নি। চোখের সামনে এমন হিংসার ঘটনা দেখে অনেকেই থমকে দাঁড়ান। কেউ-কেউ মোবাইলে ওই দৃশ্য বন্দি করেন। শেষ পর্যন্ত বেশ খানিকক্ষণ বাদে একজন মাঝবয়সী ব্যক্তি এগিয়ে এসে স্বামী-স্ত্রীর ঝামেলা থামান।
ভিডিও ভাইরাল হতেই সমালোচনার ঝড় উঠেছে। একজন মহিলাকে প্রকাশ্য রাস্তায় মারতে দেখেও কেন কেউ এগিয়ে এলেন না, সেই প্রশ্ন তুলেছেন অনেক নেটা নাগরিক। অনেকে প্রশ্ন তুলেছেন-কেন ঝামেলার সময়ে পুলিশকে খবর দিয়ে সচেতন নাগরিকের দায়িত্ব কেউ পালন করলেন না? পুলিশ অবশ্য ভাইরাল ভিডিও নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হয়নি।

