আন্তর্জাতিক ডেস্ক: 'নাজকা লাইনস' ভ্রমণে গিয়ে মৃত্যুর কোলে ঢোলে পড়লেন ১৩ জন। পেরুর 'নাজকা লাইনস' পর্যটন কেন্দ্রে বিমান দুর্ঘটনায় ১১ জন পর্যটক সহ দুই ক্রু সদস্যের মৃত্যু হয়েছে।
পুলিশ জানিয়েছে, গতকাল, শনিবার (১ অগস্ট) বিমানটি পর্যটকদের নিয়ে পেরুর বিখ্যাত ঐতিহাসিক নিদর্শন 'নাজকা লাইনস' পরিদর্শনের উদ্দেশ্যে রওনা হয়েছিল।
বিমানটি ইকা বিভাগের পিসকো বিমানবন্দর থেকে টেক অফের কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনার কবলে পড়ে। মূলত বিমানটি ছোট আকারের ছিল। পর্যটক বহনের ক্ষেত্রে কাজে লাগে।
দুর্ঘটনাস্থলে উপস্থিত পুলিশ মেজর হোর্হে আন্দ্রেদে সাংবাদিকদের জানান, বিমানে থাকা ১১ জন যাত্রী ও ২ জন ক্রুর সদস্য সহ সবাই মারা গিয়েছে। স্থানীয় গণমাধ্যমগুলির সূত্রে জানা গিয়েছে, বিমানটি মাটিতে আছড়ে পড়ার পরপরই চারদিকে আগুন ধরে যায়। ফলে তাৎক্ষণিকভাবে কোনও উদ্ধারকাজ চালানো সম্ভব হয়নি। বিমানটি পেরুর ভ্রমণ সংস্থা অ্যারোডিয়ানা'র ছিল। তবে দুর্ঘটনার মূল কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। নিহত পর্যটকরা কোন দেশের নাকি পেরুর বাসিন্দা তাও জানা যায়নি।
আরও পডুন: সীমান্ত দেখানোর নাম করে এক নাবালিকাকে ভারতে পাচারের অভিযোগ, কাঠগড়ায় বাংলাদেশি চালক
উল্লেখ্য, খ্রিস্টপূর্ব ৫০০ থেকে খ্রিস্টাব্দ ৫০০-এর মধ্যবর্তী সময়ে মাটিতে খোদাই করা বিশালাকার জ্যামিতিক নকশা ও পশুপাখির চিত্রের জন্য দক্ষিণ আমেরিকার পেরুর 'নাজকা লাইনস'-এর বিশ্বজুড়ে খ্যাতি রয়েছে। এটি ইউনেস্কো স্বীকৃত একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। এসব বিশালাকার মূর্তি ও নকশা বিমান থেকে স্পষ্টভাবে দেখা যায় বলেই পর্যটকরা আকাশপথে এটি পরিদর্শনে যান। মাচু পিচু, কুস্কো ও নাজকা লাইনসের মতো বিখ্যাত প্রত্নতাত্ত্বিক স্থানের কারণে প্রতি বছর পেরুতে লক্ষ লক্ষ আন্তর্জাতিক পর্যটকের সমাগম ঘটে।

