নিজস্ব প্রতিনিধি: মেরামতি ও সংস্কারের কাজের জন্যে আবারও বন্ধ রাখা হবে বিদ্যাসাগর তথা দ্বিতীয় হুগলি সেতু। আগামী রবিবার (২ অগস্ট) সকাল ৬ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বন্ধ থাকবে সেতু। কলকাতা ট্রাফিক পুলিশের জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, হুগলি রিভার ব্রিজ কমিশনার্সের উদ্যোগে স্টে কেবল, হোল্ডিং ডাউন কেবল এবং বেয়ারিং প্রতিস্থাপনের কাজের জন্যে আগামী রবিবার সকাল থেকে ৮ ঘন্টা হুগলি সেতুতে সমস্ত রকম যাতায়াত এবং যান চলাচল বন্ধ থাকবে।
সেই সময়ে সেতুর স্টে কেবল, হোল্ডিং ডাউন কেবল এবং বেয়ারিং পরিবর্তনের কাজ করবে হুগলি রিভার ব্রিজ কমিশনার্স (HRBC) কর্তৃপক্ষ। পশ্চিমবঙ্গ সরকারের এই স্বশাসিত সংস্থাটির প্রতিষ্ঠা হয়েছে ১৯৬৯ সালে। হুগলি নদীর উপর সেতু নির্মাণ ও তার রক্ষণাবেক্ষণ তারাই করে থাকেন।
তবে হঠাৎ করে শহরের অন্যতম প্রধান এই লাইফলাইন বন্ধ হয়ে যাওয়ায় কেউ যাতে চরম দুর্ভোগে না পড়েন, সেই কারণেই আগে থেকে নির্দেশিকা জারি করে দেওয়া হল। সেই সময়ে বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হবে যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহনগুলিকে। যানবাহনগুলি হাওড়া ব্রিজ, স্ট্র্যান্ড রোড, সেন্ট জর্জেস গেট রোড, খিদিরপুর রোড ও রেড রোড-সহ অন্যান্য নির্ধারিত রুট ব্যবহার করতে পারবে।
যানজটের পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনে আরও কিছু গুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে গাড়িগুলিকে ঘুরিয়ে দেওয়া হতে পারে। জিরুট আইল্যান্ডের দিক থেকে বিদ্যাসাগর সেতুগামী পশ্চিমমুখী গাড়িগুলিকে 'টার্ফ ভিউ' থেকে অ্যাট গ্রেড রোড হয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। জে অ্যান্ড এন আইল্যান্ডের দিক থেকে আসা বিদ্যাসাগর সেতুগামী গাড়িগুলিকে ১১ ফার্লং গেট থেকে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ডাইভার্ট করা হবে। খিদিরপুরের দিক থেকে আসা বিদ্যাসাগর সেতুগামী পূর্বমুখী গাড়িগুলিকে হেস্টিংস ক্রসিং থেকে সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড ও হাওড়া ব্রিজের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। যদিও এ বছরের শুরু থেকেই বিদ্যাসাগর সেতু সংস্করণের কাজ চলছে। রবিবার রাজ্যে ছুটির দিন থাকায় এই দিনেই বেশিরভাগ কাজ করে নেওয়া হয়।

