আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার দাবি করেছেন তাঁকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে। যদিও সেই প্রমাণও মিলেছে কয়েকবার। তবে চেষ্টা করেও সফল হয়নি। এবার ফের একবার ট্রাম্পের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ল। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে ট্রাম্পের গলফ ক্লাবের কাছ থেকে এক সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
সেই সঙ্গেই উদ্ধার করা হয়েছে গুলিভর্তি পিস্তল। কর্তৃপক্ষের মতে, রিপাবলিকান ন্যাশনাল কমিটির একটি তহবিল সংগ্রহ অনুষ্ঠানের আগে নিরাপত্তা প্রস্তুতি পর্যবেক্ষণের সময়েই এই ঘটনা ঘটেছে।
জানা গিয়েছে, ৩৮ বছর বয়সি টেইল গল্ফ ক্লাবের আশপাশে ঘোরাফেরা করছিলেন এবং নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করার পাশাপাশি ছবি ও ভিডিও তুলছিলেন বলে তদন্তকারীদের সন্দেহ। পরে তল্লাশি চালিয়ে পুলিশ তার পকেটে ১৬ রাউন্ডের একটি গুলিভর্তি ম্যাগাজিন পান এবং পরবর্তীতে গলফ কোর্সের পার্কিংয়ে থাকা তার গাড়ি থেকে একটি গুলিভর্তি পিস্তল ও দ্বিতীয় আরেকটি ম্যাগাজিন উদ্ধার করেন। কিছু নোটবুক উদ্ধার হয়েছে। সেই নোটবুকগুলিতে উদ্বেগজনক কিছু লেখা রয়েছে বলেও তদন্তকারীরা জানিয়েছেন। লুকিয়ে আগ্নেয়াস্ত্র বহন এবং নিষিদ্ধ গোলাবারুদ রাখার অভিযোগে টেইলকে গ্রেফতার করা হয়েছে।
ঘটনার তদন্তে লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফের দফতরের পাশাপাশি এফবিআই-এর জয়েন্ট টেররিজম টাস্ক ফোর্স এবং মার্কিন সিক্রেট সার্ভিস যৌথভাবে কাজ করছে। তবে তদন্তকারীদের দাবি, এই মুহূর্তে প্রেসিডেন্ট ট্রাম্প বা সাধারণ মানুষের জন্য কোনও হুমকির প্রমাণ মেলেনি। অভিযুক্তের বিরুদ্ধে বেআইনি অস্ত্র বহন-সহ একাধিক অভিযোগ আনা হয়েছে। আদালত তাঁকে আগ্নেয়াস্ত্র ব্যবহার বা ট্রাম্পের গল্ফ ক্লাবের আশপাশে যাওয়ার ওপরও নিষেধাজ্ঞা জারি করেছে। কেন তিনি সেখানে উপস্থিত ছিলেন এবং তাঁর উদ্দেশ্য কী ছিল, তা খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থাগুলি। ট্রাম্পের সফরের আগে এই ঘটনাকে ঘিরে মার্কিন নিরাপত্তা ব্যবস্থার তৎপরতা আরও বাড়ানো হয়েছে।

