Dailyhunt
প্রধানমন্ত্রী কেমন করে ভাল ইংরেজি বলেন?‌ ফাঁস করে দিলেন মুখ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী কেমন করে ভাল ইংরেজি বলেন?‌ ফাঁস করে দিলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি:‌ বিজেপি বাংলা বিরোধী। বিজেপি বাংলা বোঝে না। বিজেপি বাংলা ভাষাকে সম্মান দেয় না। বিজেপি নেতারা বাংলার মণীষীদের সম্মান দেন না। বাংলা বলতে পারেন না। এমন অভিযোগ বারবার তুলেছেন তৃণমূল কংগ্রেসের নেতা-সাংসদ-বিধায়করা। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইংরেজি ভাষণ বলার নেপথ্য ঘটনা নিয়ে তথ্য ফাঁস করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ, বুধবার শ্রীরামপুরের নির্বাচনী জনসভা থেকে বড় তথ্য দিলেন তৃণমূল সুপ্রিমো। যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।

এদিকে বাংলায় নির্বাচনী সফরে এসে বক্তব্য রাখার সময় '‌বাংলা ভাষায়'‌ মাঝেমধ্যে কয়েকটি লাইন বলে থাকেন। আবার বিদেশের মাটিতে গিয়ে '‌ইংরেজি ভাষায়'‌ বক্তৃতা করে থাকেন প্রধানমন্ত্রী। আর তা কেমন করে সম্ভব হয় সেটাই ফাঁস করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, '‌আমি সব ভাষাকে সম্মান করি। বিজেপি আমাদের ভাষা বিরোধী কেন? তুমি আমায় বাংলা ভাষায়, মাতৃভাষায় কথা বলতে দেবে না। আর তুমি দেখে দেখে ইংরেজি, বাংলা ভাষায় গড়গড় করে কথা বলো।'‌

অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, জনগণের সামনে প্রধানমন্ত্রীর বক্তৃতার যে প্রভাব, তার অনেকটাই যান্ত্রিক কারসাজির ফসল। এই বিষয়ে তৃণমূলনেত্রী সাধারণ মানুষকে বুঝিয়ে বলেন, '‌কী করে জানেন? এই আমরা কাগজে দু'‌একটা কথা লিখে রাখি। যাতে সংখ্যাটা ভুলে না যাই। আর ওদের একটা সামনে কাচ থাকে। চশমার থেকেও হালকা কাচ। আপনারা দেখতে পাবেন না। তাতে এক লাইন করে বড় বড় করে লেখা আসে। এদিকেও তাকানো যায়, ওদিকেও তাকানো যায়। সেটার নাম হচ্ছে টেলিপ্রম্পটার। নতুন প্রজন্মের ছেলে-মেয়েরা জানে। আমি আগে ভাবতাম, আরে এত ভাল ইংরেজি কী করে বলছেন উনি! ও মা পরে একটা মিটিংয়ে গিয়ে দেখলাম, আমি সামনে বসেছিলাম, তখন দেখলাম ওরে ভাই, এর তো সামনে টেলিপ্রম্পটার তাই। সেটা দেখছে আর গড়গড় করে বলে যাচ্ছে।'‌

এছাড়া এই টেলিপ্রম্পটার নিয়ে আগেও প্রধানমন্ত্রীকে বিঁধেছিলেন তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন। এখন বাংলায় বিধানসভা নির্বাচনের মরশুম। সেখানে বারবার বঙ্গ সফরে আসছেন বিজেপি নেতা-মন্ত্রীরা থেকে শুরু করে খোদ প্রধানমন্ত্রী। আর নানা কথা বলে যাচ্ছেন। তারই প্রেক্ষিতে এবার প্রধানমন্ত্রীর তথ্য ফাঁ, করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর ডেরেক ও'‌ব্রায়ানের পারিবারিক এক রসিকতার কথা বলে তৃণমূল সুপ্রিমো বলেন, '‌একদিন ডেরেকের মা ডেরেককে জিজ্ঞেস করেছিল, দারুণ ইংরেজি বলছে তো! ডেরেক তখন ওর মাকে বলে, তুমি তো আসল ব্যাপারটা জানো না। আসল ব্যাপারটা হল, উনি দেখে বলছেন। পড়ে বলছেন।'‌

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ei Muhurte