Dailyhunt
'প্রমাণ নেই, হিংসে করেই জ্যোতিপ্রিয়কে গ্রেফতার করা হয়,' বারাসত থেকে বললেন মমতা

'প্রমাণ নেই, হিংসে করেই জ্যোতিপ্রিয়কে গ্রেফতার করা হয়,' বারাসত থেকে বললেন মমতা

নিজস্ব প্রতিনিধি, বারাসত: 'জ্যোতিপ্রিয় মল্লিককে ফাঁসানো হয়েছে, ও ভালো কাজ করতো বলেই হিংসেতে গ্রেফতার করা হয়েছিল,' বারাসতে ভোটপ্রচারে গিয়ে এমনটাই বললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেশন দুর্নীতি মামলায় কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতার হয়ে জেলে ছিলেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

যদিও এটা পুরোটাই চক্রান্ত বলে আজ, মঙ্গলবার বারাসতের সভামঞ্চ থেকে বললেন মমতা।

তিনি আরও বলেন, ‘আমার সরকারে জ্যোতিপ্রিয়ের মতো ভালো কাজ কেউ করেনি। হিংসে করে ওকে গ্রেফতার করা হয়েছিল। কোনও প্রমাণ পায়নি। ওকে ফাঁসানো হয়েছে। দেড় কোটি লক্ষ মানুষের নাম রেশন কার্ডে ঢুকিয়ে নিজেরা নিত। যে চুরি করা হয়েছিল, সেটা ও ধরেছিল। তাই বিজেপিকে দিয়ে জ্যোতিপ্রিয়ের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। আজ ডিজিটাল রেশন কার্ড হয়েছিল ওর জন্য। রেশন দোকানের মাল পাচার হয়ে যেত। এখন সেগুলি সম্ভব হয় না। সেটাও জ্যোতিপ্রিয়ের জন্য। ওর প্রতি অবিচার হয়েছে। তাই ওকে জেতাতে হবে। এবারের ভোটে ও আমার ফেভারিট প্রার্থী।’

আরও পডুন: মুখ্যমন্ত্রীর সভার আগেই অশোকনগরে চলল গুলি, জখম ব্যবসায়ী

রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করে কেন্দ্রের দুই এজেন্সি ইডি ও সিবিআই। একবছরের বেশি সময় ধরে ইডি-সিবিআই হেফাজতে ছিলেন তিনি। আদালতের রায়ে জামিনে বাইরে রয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী। হাবড়া থেকে ফের তাঁকেই প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। দলের অনুগত সৈনিককে প্রার্থী করে তাঁর পাশেই দাঁড়িয়েছে ঘাসফুল শিবির। এদিন সভামঞ্চ থেকে তৃণমূলনেত্রী আরও বলেন, ‘বাম ও বিজেপির সবেতেই সমস্যা আছে। আমি কেন আঁকতাম তা নিয়েও প্রশ্ন করত। অভিষেক কেন ব্যবসা করে, তা নিয়েও প্রশ্ন। আরে কেউ খাবে না? কাজ তো করতে হবে। আপনাদের সমস্যাটা কী?’ ২৬-এর বিধানসভা নির্বাচনে জ্যোতিপ্রিয়কে প্রার্থী করা হবে কিনা সেই বিষয়ে নানামহলে জল্পনা ছিল। যদিও সেই জল্পনার অবসান ঘটিয়ে হাবড়া থেকেই ফের তাঁকে ভোটের টিকিট দেন মমতা। এবার প্রচারে গিয়ে জ্যোতিপ্রিয় মল্লিকের হয়ে ব্যাট ধরলেন তৃণমূলনেত্রী। রাজনৈতিক মহলের ধারণা, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের পর নির্বাচনে বাড়তি অক্সিজেন পাবেন জ্যোতিপ্রিয়। এদিন বারাসতের তৃণমূল নেত্রীর জনসভাতে উপস্থিত ছিলেন হাবড়ার প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক, অশোকনগরের প্রার্থী নারায়ণ গোস্বামী-সহ অন্যান্যরা।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ei Muhurte