নিজস্ব প্রতিনিধিঃ সমাজ মাধ্যমে আলাপ। সেখান থেকেই ধীরে ধীরে ঘনিষ্ঠতা। ভুয়ো পরিচয়ে বিশ্বাস অর্জনের পর তরুণীকে(দ্বাদশ শ্রেণির ছাত্রী) ভাড়া করা ফ্ল্যাটে ডেকে নিয়ে গিয়ে আটকে রাখা, ধর্ষণ এবং ধারালো অস্ত্র দিয়ে বারবার আঘাত করার অভিযোগ উঠল মুম্বইয়ের থানের বাসিন্দা ২০ বছরের এক তরুণের বিরুদ্ধে।
ইতিমধ্যেই অভিযুক্ত নির্ময় মাধব পাখারেকে গ্রেফতার করেছে নাগপুর পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বছরের মে মাসে ‘আকাশ মেহরা’ নামে একটি ভুয়ো পরিচয় ব্যবহার করে সামাজিক মাধ্যমে তরুণীর সঙ্গে যোগাযোগ শুরু করে নির্ময়। তখন তরুণীর বয়স ছিল ১৬ বছর। অভিযোগ, ধীরে ধীরে বন্ধুত্ব গড়ে তুলে তাকে সম্পর্কে জড়িয়ে ফেলে অভিযুক্ত। পরে সেই সম্পর্ক বজায় রাখতে ছাত্রীর উপর চাপ সৃষ্টি করা হয়। আপত্তিকর ছবি প্রকাশ করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ। ঘটনার দিন তরুণীর সঙ্গে দেখা করার নামে তাকে দক্ষিণ নাগপুরের দিঘোরি এলাকার একটি ভাড়া করা ফ্ল্যাটে নিয়ে যায় নির্ময়। অভিযোগ, সেখানে ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে তাকে আটকে রেখে নির্যাতন চালানো হয়। বাড়িতে না ফেরায় ছাত্রীর পরিবার হুডকেশ্বর থানায় অপহরণের অভিযোগ দায়ের করে। প্রায় ২০ ঘণ্টার তল্লাশির পর পুলিশ ফ্ল্যাটে হানা দেয়। সেখানে ছাত্রীর হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার হয় বলে দাবি পুলিশের। ঘটনাস্থল থেকে একটি ধারালো ছুরিও উদ্ধার হয়েছে। সেটি দিয়েই তরুণীর শরীরে একাধিক আঘাত করা হয়েছে বলে অভিযোগ। আহত ছাত্রীকে সরকারি চিকিৎসা মহাবিদ্যালয় ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তদন্তে তরুণীর সামাজিক মাধ্যমের কথোপকথন ও অন্যান্য তথ্য খতিয়ে দেখে অভিযুক্তের খোঁজ পায় পুলিশ। পরে থানে পুলিশের সহায়তায় অভিযুক্তের মায়ের ফোনের সূত্র ধরে তার অবস্থান চিহ্নিত করা হয়। গ্রেফতারের পর আদালত নির্ময়কে দু’দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে।

