নিজস্ব প্রতিনিধি : দক্ষিণবঙ্গে কালবৈশাখীর তাণ্ডব হতে পারে বেশ কিছু জেলাতে। সন্ধের পর থেকে আসবে চরম দুর্যোগ।ভারী বৃষ্টির সতর্কতাও থাকছে।দ্বিতীয় দফায় নির্বাচনের দিনের মতোই দুপুরের পর থেকে ঝড় - বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। সকাল থেকেই মেঘলা আকাশ থাকবে ।বিক্ষিপ্তভাবে চলবে ঝড়-বৃষ্টি।
সব জেলাতেই কালবৈশাখীর সম্ভাবনা। ভারী বৃষ্টির সতর্কতা হুগলি, পূর্ব বর্ধমান এবং উত্তর ২৪ পরগনা জেলাতে। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় এই খবর জানান। রবিবার তিনি বলেন,কলকাতা(Kolkata) ,হাওড়া হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ,পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ,পশ্চিম মেদিনীপুর জেলাতে বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে।
দক্ষিণবঙ্গের(South Bengal) বাকি জেলাগুলিতে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা থাকছে।উত্তরবঙ্গে(North Bengal) কালবৈশাখীর তাণ্ডব হতে পারে মালদা জেলাতে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টি। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝড়ো বাতাসের সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস এর সর্তকতা রয়েছে।মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা। পশ্চিমবঙ্গের উপকূল এবং উত্তর উড়িষ্যা উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
৫ মে পর্যন্ত নিষেধাজ্ঞা জারি আবহাওয়া দফতরের। সমুদ্র উত্তাল থাকবে। সমুদ্রপৃষ্ঠে ঝড়ো হাওয়া ৬০ কিলোমিটার সর্বোচ্চ প্রতি ঘন্টায় বইতে পারে। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে রাজ্য জুড়ে। বিক্ষিপ্তভাবে কালবৈশাখী এবং ঝড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে রবিবার এবং মঙ্গলবার বেশিরভাগ জেলাতে।বুধবার থেকে ঝড় – বৃষ্টির সম্ভাবনা কমবে। তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে হালকা ঝড়ো হওয়া বইবে।

