নিজস্ব প্রতিনিধি: রাজ্যে পালাবদলের পরেই 'স্বচ্ছ বাংলা' গড়ার ডাক দিয়েছে বিজেপি। মুখ্যমন্ত্রী ও রাজ্যের অন্যান্য মন্ত্রীদের গলায় শোনা গিয়েছে নতুন বাংলা গড়ার কথা। পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল আগেই জানিয়েছিলেন পথঘাট নোংরা করলে জরিমানা দিতে হবে। সেই নিয়মই আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকে কার্যকর হল।
বাংলার শহরগুলিকে আরও পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর করে তুলতেই কড়া পদক্ষেপ রাজ্য সরকারের।
১ সেপ্টেম্বর থেকে রাস্তাঘাট নোংরা করা, প্রকাশ্যে থুতু ফেলা বা মলমূত্র ত্যাগ করলে জরিমানা দিতে হবে। একই সঙ্গে বেআইনি পার্কিং, রাস্তার উপর নির্মাণসামগ্রী ফেলে রাখা এবং নির্দিষ্ট সীমার নিচের প্লাস্টিক ব্যাগ ব্যবহারের ক্ষেত্রেও জরিমানার ব্যবস্থা করা হয়েছে। পুর ও নগরোন্নয়ন দপ্তরের দায়িত্ব পাওয়ার পর থেকেই শহরগুলির পরিচ্ছন্নতা নিয়ে সক্রিয় হয়েছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর ঘোষণা অনুযায়ী, রাস্তায় থুতু ফেলা কিংবা মলমূত্র ত্যাগ করার মতো ঘটনায় ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত জরিমানা আদায় করা হবে। শুধু সাধারণ মানুষ নয়, রাস্তার ধারে বেআইনিভাবে গাড়ি পার্কিং করলেও গুনতে হবে জরিমানা।
অগ্নিমিত্রা পাল বলেছেন, ‘আমি আগেই বলেছিলাম, রাস্তাঘাট পরিষ্কার রাখতেই হবে। এতদিন যা চলত, এখন আর চলবে না। এতদিন ধরে প্রচার করা হয়েছে। আজ থেকে আমরা রাস্তা অপরিষ্কারে জরিমানা চালু করলাম। একটা ন্যূনতম টাকা জরিমানা হিসেবে নেওয়া হবে। পথে থুতু ফেললে বা মলমূত্র ত্যাগ করলে ১০০ থেকে ২০০ টাকা আদায় করা হবে।’ রাস্তার ধারে আবর্জনা ফেলে রাখার ক্ষেত্রেও একইভাবে জরিমানার বিধান রাখা হয়েছে। পাশাপাশি ১২০ মাইক্রনের নিচে প্লাস্টিক ব্যাগ ব্যবহার করলেও জরিমানার মুখে পড়তে হবে।

