নিজস্ব প্রতিনিধি: অপেক্ষার অবসান। রাত পোহালেই আগামিকাল বৃহস্পতিবার (৯ এপ্রিল) কেরল, অসম ও পুদুচেরির বিধানসভা ভোট। দুই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট আসনের সংখ্যা ২৯৬। তার মধ্যে অসমে রয়েছে ১২৬টি আসন, কেরলে রয়েছে ১৪০ আসন আর পুদুচেরিতে ৩০টি আসন। ২৯৬ আসনে ভাগ্য পরীক্ষায় অবতীর্ণ হয়েছেন ১, ৮৪৯ জন প্রার্থী।
আগামী ৪ মে খোলা হবে ভাগ্যবন্দি ভোটযন্ত্র। ওইদিনই জানা যাবে শেষ হাসি কে হাসলেন?
যে তিন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বৃহস্পতিবার ভোট হচ্ছে তার মধ্যে দুটি রয়েছে এনডিএ'র দখলে। ওই দুই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল হল অসম ও পুদুচেরি। কেরলে ক্ষমতায় রয়েছে সিপিআইএম নেতৃত্বাধীন বাম গণতান্ত্রিক মোর্চা বা এলডিএফ। এবার অসমে মূলত লড়াই কংগ্রেস ও বিজেপি জোটের মধ্যে। তৃতীয়বার সরকার গড়ার বিষয়ে অনেকটাই আত্মবিশ্বাসী নরেন্দ্র মোদি-অমিত শাহরা। তবে একসময়ে দীর্ঘদিন ক্ষমতায় থাকা কংগ্রেস গৌরব গগৈর নেতৃত্বে হারানো জমি ফিরে পেতে জোর কদমে ঝাঁপিয়েছে। পুদুচেরিতে ক্ষমতায় রয়েছে অল ইন্ডিয়া এনআরসি ও বিজেপি জোট। এখানেও লড়াই দ্বিমুখী। মূল লড়াই বিজেপি-এআইএনআরসি জোটের সঙ্গে কংগ্রেস-ডিএমকে জোটের। কেরলে লড়াই ত্রিমুখী। সিপিআইএম নেতৃত্বাধীন এলডিএফের সঙ্গে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ এবং এনডিএর মধ্যে লড়াই। সকাল সাতটা থেকে শুরু হবে ভোটগ্রহণ। চলবে সন্ধে ছয়টা পর্যন্ত। তবে ওই সময়ে ভোটের লাইনে যারা দাঁড়াবেন, তাঁরা সবাই ভোট দেওয়ার সুযোগ পাবেন।
কেরল-অসম ও পুদুচেরির সঙ্গে আগামিকাল ছয় রাজ্যের আট বিধানসভা আসনেও উপনির্বাচনের জন্য ভোট নেওয়া হবে। ওই আট আসন হল গোয়ার পণ্ডা, গুজরাতের উমরেথ, কর্নাটকের বাগালকোট ও দাবানগিরি দক্ষিণ, মহারাষ্ট্রের বারামতী ও রাহুরি, নাগাল্যান্ডের করিডাম ও ত্রিপুরার ধর্মনগর।

